সর্বশেষ সংবাদ :

বাংলাদেশে যদি জামায়াত থাকে তাহলে ইসলাম ধ্বংস হয়ে যাবে : বিএনপি নেতা চাঁদ

নুরুজ্জামান,বাঘা :
বিভিন্ন এলাকায় জামাত নেতারা বলে বেড়াচ্ছে, দাড়ি-পাল্লায় ভোট দিলে বেহেস্ত পাওয়া যাবে। হেফাজত ইসলামীর আমির সাহেব বলেছেন, কাদিয়ানির চেয়েও জামায়াতে ইসলামী ভয়ংকর। আবার কেউ-কেউ বলছেন, বাংলাদেশে যদি জামায়াত থাকে তাহলে ইসলাম ধ্বংস হয়ে যাবে। এটা আমার কথা নয় ,বিভিন্ন শরিক দলের কথা। শনিবার (৮-নভেম্বর)বিকেলে রাজশাহীর বাঘায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৬(চারঘাট-বাঘা)আসনে বিএনপি দলীয় প্রার্থী আবু সাঈদ চাঁদ এসব কথা বলেন।

 

বাঘা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিকেল সাড়ে ৪ টায় উপজেলার বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি আরো বলেন,একটি দল ধোকাবাজি মিথ্যাবাজি ও ষড়যন্ত্র করছে। তারা বারবার বলছে, তারাই ইসলাম কায়েম করেছে। জামায়াতকে ভোট দিলে বেহেস্ত পাওয়া যাবে। আমার প্রশ্ন এটা কোন দলিলে লেখা আছে ! তারা ছাড়া কি ইসলাম কায়েম হবেনা ? তাদের এসব মিথ্যা কথায় কান না দিয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

আবু সাঈদ চাঁদ বলেন, আজ সিপাহী-জনতা বিপ্লবের দিন। এই বিপ্লবের মাধ্যমে ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদ জিয়াউর রহমান মুক্ত হয়েছিলেন। সেই থেকে বিএনপি ৭ নভেম্বর পালন করে আসছে। আমরা গতকাল চারঘাটে এই দিবসটি পালন করেছি। এ কারনে আজকে বাঘায় করা হলো।

তিনি আসন্ন নির্বাচন প্রসঙ্গে বলেন, নির্বাচন নিয়ে এখনো পায়তারা চলছে।কোন পায়তারা নয়, ১২ ফেব্রুয়ারীর মধ্যেই নির্বাচন হতে হবে। প্রধান নির্বাচন কমিশনকে উদ্ধেশ্য করে বলেন, ৩ মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দায়িত্ব ছিল। কিন্ত আপনারা দিতে ব্যর্থ হয়েছেন। এর পরে কোন চক্রান্ত হলে বাংলাদেশের জনগন মেনে নিবেনা । গনতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের বহু মানুষ প্রাণ হারিয়েছে। নির্বাচন নিয়ে যদি আবারো চক্রান্ত হয়, তাহলে তারেক রহমানের নির্দেশ পেলেই আবারো রাজপথে নামবো। দলীয় কর্মীরা প্রস্তুত থাকবেন।

বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর সভাপতিত্বে ও বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফির সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির নেতা মোখলেছুর রহমান মুকুল , জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার। পৌর বিএনপির নেতা আব্দুল লতিব, যুব দলের নেতা সালেহ আহমেদ সালাম,শফিকুল ইসলাম শফি প্রমুখ।

নেতারা তাদের বক্তব্যে বলেন, চারঘাট-বাঘার গনমানুষের হৃদয়ের স্পন্দন আবু সাইদ চাদ। তাঁকে মনোনয়ন দেওয়ায় আমরা গর্বিত। আবু সাঈদ চাঁদ দলীয় মনোনয়ন পাওয়ায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হতে শুরু করেছেন। আমরা বিশ্বাস করি , এ অঞ্চলের মানুষ এলাকার উন্নয়নে এবার ধানের শীষে ভোট দিয়ে স্থানীয় প্রার্থী চাঁদ ভাইকে বিজয়ী করবেন।

উপস্থিত ছিলেন-বিএনপি নেতা রেজাউল করিম, হেলাল আহমেদ রিয়েল, মাসুদ করিম টিপু,কৃষক দলের নেতা সেলিম আরিফ,জাহিদুল ইসলাম স্বপন,আলী হোসেন জনি,সোহানুর রহামান সোহাগ, যুবদল নেতা তানভীর ফায়সাল তুর্য।

উপজেলার মহিলা দলের সভানেত্রী সেলিনা আক্তার শাপলা ও পৌর মহিলা দলের সভানেত্রী সোনিয়া সুলতানা-সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সবশেষে একটি র্যালী অনুষ্ঠিত হয়।

সানশাইন /শামি


প্রকাশিত: November 8, 2025 | সময়: 8:21 pm | Daily Sunshine