সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণে সেমিনার

স্টাফ রির্পোটার: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে ভূমিকম্পসহ দুর্যোগ সহনীয় ভবন নির্মাণ নিশ্চিত করার লক্ষ্যে একটি সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আরডিএ ভবনের সভাকক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন আরডিএ’র চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুজজ্জামান।
আলোচক হিসেবে অংশ নেন রুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ নিয়ামুল বারী ও অধ্যাপক ড. মোঃ মাহমুদ সাজ্জাদ।
মূল প্রবন্ধে অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ভূমিকম্পের প্রভাবে ক্ষতিগ্রস্থ কয়েকটি ভবনের সচিত্র উদাহরণ তুলে ধরেন এবং উক্ত ভবনসমূহ ধ্বংসপ্রাপ্ত হওয়ার কারণ বর্ণনা করেন। সেমিনারে অন্যতম আলোচক অধ্যাপক ড. মোঃ নিয়ামুল বারী বলেন, দুর্যোগে প্রস্তুতির অংশ হিসেবে ডিজাইন একটি গুরুত্বপূর্ণ অংশ। যেকোনো ধরনের দুর্যোগে শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীগণ অধিক মাত্রায় ঝুঁকিতে থাকেন। তাই বিল্ডিং ডিজাইনের সময় তাদের চাহিদার কথা মাথায় রাখা অতীব জরুরী। তিনি ভবন নির্মাণের পূর্বে ভূতাত্ত্বিক জরিপের উপর গুরুত্বারোপ করেন। সেমিনারের অন্যতম আলোচক অধ্যাপক ড. মোঃ মাহমুদ সাজ্জাদ বিল্ডিং এর ফাউন্ডেশন ফেইলর কি কারণে ঘটে সে বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন। তিনি জাপান, তুরস্ক, সিরিয়াসহ কয়েকটি দেশে ঘটে যাওয়া ভূমিকম্পের উদাহরণ উপস্থাপন করেন এবং সিসমিক সার্ভে ও বিল্ডিং ইনভেন্টরি ম্যাপ সম্পর্কে সেমিনারে ধারণা প্রদান করেন। এছাড়া বিল্ডিং ডিজাইনারগণ সার্টিফাইড কি না এবং বিএনবিসি কোড অনুযায়ী ভবন নির্মাণ করা হচ্ছে কিনা সে বিষয়টি যথাযথভাবে তদারকির জন্য তিনি আরডিএ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণে করণীয় কি সে বিষয়টিও আলোচকগণ গুরুত্বসহকারে সেমিনারে আলোচনা করেন। সেমিনারে অংশগ্রহণকারীবৃন্দ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ ও সেগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপর আলোকপাত করেন।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমানের সঞ্চালনায় সেমিনারে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন আরডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল তারিক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, গবেষক মাহবুব সিদ্দিকী, রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপপরিচালক মঞ্জিল হক, রিয়েল এস্টেট ডেভেলপার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী এবং রাজশাহী সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ বনি আহসান। সেমিনারে অন্যান্যদের মধ্যে ভবন নির্মাণ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ, সিটি কর্পোরেশন, গণপূর্ত বিভাগ, স্বাস্থ্য, গ্যাস, বিদ্যুৎ এবং ওয়াসার প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।


প্রকাশিত: December 10, 2025 | সময়: 1:32 am | সুমন শেখ

আরও খবর