গোদাগাড়ীর মহাউৎসবে ভক্তদের সেবায় অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক

শাহালাল ইসলাম, ডিজিটাল :

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গোরাঙ্গ বাড়ীতে অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ আয়োজন—ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহাউৎসবে সেবার বার্তা নিয়ে ভক্তদের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। তাঁর উদ্যোগে এই বিশাল ধর্মীয় জমায়েতে ভক্তদের জন্য মানবিক সহায়তা ও সেবা কার্যক্রম পরিচালনা করা হয়, যা এলাকায় ধর্মীয় সম্প্রীতির নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

​শনিবার বিকেলে তীর্থস্থানের পাশে নিজ বাড়ির সামনে অ্যাডভোকেট তারেক উৎসবে আগত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এই সময় তিনি নিজ তত্ত্বাবধানে ভক্তদের জন্য বিনামূল্যে খাদ্য, খাবার স্যালাইন এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করেন এবং ভক্তদের কাছে তা বিতরণ করেন।

​পাশাপাশি, তাঁর উদ্যোগে ভক্তদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ছিল অ্যাম্বুলেন্স সেবা, ২৪ ঘণ্টা চিকিৎসা সহায়তা ও ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংবাদকর্মীদের জন্য আলাদা বসার স্থান, আপ্যায়ন ও বিশ্রামস্থল প্রস্তুত করা হয়। তারেক এবং তাঁর দলের নেতাকর্মীরাও সার্বক্ষণিক ভক্তদের সেবা কার্যক্রমে যুক্ত ছিলেন। এই মানবিক আয়োজনে মুগ্ধ হয়ে মেলায় উপস্থিত বাউল শিল্পীরাও গানে গানে তাঁর প্রশংসা করেন।

অ্যাডভোকেট তারেক আয়োজকদের আর্থিক সহযোগিতা দিয়েও পাশে দাড়িয়েছেন। তবে ধর্মীয় আরাধনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে তিনি তাঁর ছোট ভাই মো. সাইফুল ইসলাম হীরককে (বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা বোর্ডের সদস্য ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক) দিয়ে এই আর্থিক অনুদান আয়োজকদের হাতে তুলে দেন।

অ্যাডভোকেট তারেকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উৎসবের সঙ্গে জড়িত ভক্ত ও নেতারা। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি উপেন্দ্রনাথ মণ্ডল বলেন, “তিনি সব সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকেন। এই বিশাল আয়োজনে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন, যা গর্ব করার মতো। আমরা তাকে আগামী দিনে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই।”

​গোদাগাড়ী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সুজন পাল জানান, ৪৩ বছর ধরে এই মহাউৎসবের সঙ্গে থাকলেও অ্যাডভোকেট তারেকের মতো এমন আন্তরিক সহযোগিতা তিনি এর আগে দেখেননি।

সেবার বিনিময়ে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা এ অঞ্চলের সমাজ-সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। আমি নির্বাচিত হলে তাদের ধর্মীয় নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে একজন দায়িত্বশীল প্রতিনিধি নিয়োগ দেব, যিনি সব সময় তাদের পাশে থাকবেন।”

​উল্লেখ্য, দেশ-বিদেশ থেকে ভক্তদের সমাগমে মুখর এই তিরোভাব তিথি মহাউৎসব আগামীকাল (রবিবার) শেষ হবে।

সানশাইন /শাহজাদা


প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫ | সময়: ১০:৩২ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর