বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
ইবতিদা ফেরদৌস:
নারী শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করা, তাদের মধ্যে চিকিৎসা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং আর্থিক সঙ্কটকে পেছনে ফেলে স্বাস্থ্যসেবা সবার নাগালে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে রাজশাহী কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন। বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থা রাজশাহী কলেজ শাখার উদ্যোগে এই মহতী আয়োজন শুরু হয়েছে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায়। চলবে আগামীকাল বুধবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত।
এই বিশেষ আয়োজনের মূল আকর্ষণ ছিল নারী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান। দন্ত, চর্ম, গাইনী ও যৌন স্বাস্থ্যসহ নানাবিধ শারীরিক সমস্যার সমাধানে ছিলেন অভিজ্ঞ নারী চিকিৎসকরা। ক্যাম্পের আলাদা ওষুধ কর্ণার থেকে চিকিৎসা শেষে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় ওষুধ।
চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীদের মুখে ঝরে পড়ছে সন্তুষ্টির কথা। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার বলেন,“আমরা মেয়েরা অনেক সময় শারীরিক সমস্যার কথা কারো সাথে বলতে পারি না। কিন্তু এখানে নারী ডাক্তারদের কাছে সহজেই সবকিছু বলতে পারছি। বিনামূল্যে ওষুধও পাচ্ছি। আমাদের মতো শিক্ষার্থীদের জন্য এটি সত্যিই অনেক বড় সহায়তা।”
শিক্ষার্থীদের চোখে বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থা কেবল একটি ছাত্র সংগঠন নয়, বরং মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে উজ্জ্বল এক সংগঠন। তাদের এ আয়োজন প্রমাণ করেছে, শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে থেকেও শিক্ষার্থীদের জন্য সরাসরি কল্যাণমূলক কাজ করা সম্ভব।
তৃতীয় বর্ষের ছাত্রী নাহিদা সুলতানা জানান,“চর্মরোগে ভুগছিলাম অনেক দিন। এখানে চিকিৎসকরা আন্তরিকভাবে আমার সমস্যা শুনেছেন এবং সঠিক চিকিৎসা দিয়েছেন। টাকা খরচ ছাড়াই এমন সেবা পাওয়া সত্যিই আশ্চর্যজনক। আমি বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
বিনামূল্যে চিকিৎসা দেয়া ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ও দন্ত চিকিৎসক ডা. সিরাজা মুনিরা বলেন,
“বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থার এ আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। আমরা এখানে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছি, আর কলেজ প্রাঙ্গণে এভাবে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। পাশাপাশি ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে আগামী সাত দিন শিক্ষার্থীরা বিশেষ ছাড়ে চিকিৎসা নিতে পারবেন।”
রাজশাহী কলেজ প্রাঙ্গণে এই দুই দিন যেন রূপ নিয়েছে এক ভিন্ন আবহে। শিক্ষার্থীদের ভিড়ে ক্যাম্প প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে আস্থা ও কৃতজ্ঞতার স্রোতে। অনেকেই মনে করছেন, ছাত্রীসংস্থার এই উদ্যোগ অন্য সব ছাত্র সংগঠনের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
এ বিষয়ে বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থা রাজশাহী কলেজ শাখার সভানেত্রী মোসাঃ জোবায়দা জারা বলেন,“আমরা চাই নারী শিক্ষার্থীরা শুধু শিক্ষায় নয়, সুস্বাস্থ্য ও মানসিক প্রশান্তিতেও সমৃদ্ধ হোক। এ জন্যই এই বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। আমাদের বিশ্বাস, এই ক্যাম্প শিক্ষার্থীদের স্বাস্থ্য সমস্যার সমাধানে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও আমরা এরকম মানবিক কার্যক্রম চালিয়ে যাব।”
সানশাইন /শামি