সর্বশেষ সংবাদ :

জুলাই অভ্যুত্থান বিরোধী শিক্ষকদের ছবিসহ নাম প্রকাশ করবে রাবি ছাত্রদল

রাবি প্রতিনিধি:

আগামী বৃহস্পতিবার জুলাই অভ্যুত্থানে বিরোধীতা করা চিহ্নিত ‘ফ্যাসিস্টের দোসর’ শিক্ষকদের বিচারের দাবীতে ছবিসহ নামের তালিকা বিভিন্ন ভবনে প্রদর্শন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

 

আজ সোমবার (৪ আগস্ট) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির বারান্দায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম।

 

সর্দার জহুরুল ইসলাম বলেন, জুলাই আন্দোলন ছিল এ দেশের শিক্ষাঙ্গনে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য এক ঐতিহাসিক লড়াই, যা প্রমাণ করেছে অন্যায় ও স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্রসমাজ কখনো নতিস্বীকার করে না। সেই চেতনা ও প্রেরণাকে শক্তি হিসেবে ধারণ করেই আজ আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলমান ফ্যাসিবাদী অপতৎপরতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামীপন্থী শিক্ষকদের ভূমিকাার প্রসঙ্গে তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে আওয়ামী ফ্যাসিবাদের একটা গোষ্ঠী বিগত জুলাইয়ে শিক্ষার্থীদের অধিকারের বিপরীতে গিয়ে তৎকালীন ফ্যাসিস্ট এর পক্ষে গিয়ে শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়েছিলো। যার দরুণ সন্ত্রাসী ছাত্রলীগ ও তৎকালীন পুলিশ প্রশাসন শিক্ষার্থীদের উপর হামলা চালানোর মতো সুযোগ পেয়েছিলো। সেই হামলাকে জায়েজ করার জন্য ফ্যাসিবাদের দোসর শিক্ষকরা প্যারিস রোডে মানববন্ধনের মতো নাটক আমরা জুলাই আন্দোলনের সময় দেখেছি যা অত্যন্ত ঘৃনিত ও লজ্জাজনক।

 

তিনি আরো বলেন, এ গোষ্ঠী শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চাকে বাঁধাগ্রস্ত করছে, ভয়ভীতি ও দমননীতির মাধ্যমে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করেছে এবং একাডেমিক পরিবেশকে কলুষিত করেছে। তৎকালীন ফ্যাসিস্ট প্রশাসনের ভিসি, প্রো-ভিসি ও প্রক্টরের নির্দেশ ও উপস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছিলো। আমরা এখনো লক্ষ্য করছি ফ্যাসিস্ট সাবেক ভিসি, প্রো-ভিসি ও প্রক্টর এখনো বিশ্ববিদ্যালয়ে বহাল তবিয়তে রয়েছেন এবং নিয়মিত বেতন ভাতা উত্তোলন করছেন।

বর্তমান প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি বলেন, বিগত প্রশাসনের মতো বর্তমান প্রশাসনও কিছুটা একই আচরণ করছে। বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারছি যে এই প্রশাসন শিক্ষক নিয়োগে পক্ষপাতমূলত আচরণ করে একটি বিশেষ গোষ্ঠীর মনোনীত প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে বিভিন্ন অবৈধ ও বিতর্কিত পন্থা অবলম্বন করছে, যা অত্যন্ত দুঃখজনক ও জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানের স্পিরিট বিরোধী।

সম্প্রতি আমরা লক্ষ্য করছি সুনির্দিষ্ট অভিযোগের জবাব না দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সভাপতি সুলতান আহমেদ রাহীকে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বর্তন কর্তৃপক্ষ যে বিদ্বেষমূলক বক্তব্য রেখেছে তা নজিরবিহীন ঘটনা এবং তা শাক দিয়ে মাছ ঢাকার মতো লজ্জাকর বিষয়। আমরা এহেন মনগড়া ও ব্যক্তি আক্রমণমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থী, শিক্ষক সমাজ এবং সকল গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী নাগরিকদের কাছে উদাত্ত আহ্বান জানাই, যাতে ফ্যাসিবাদী অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলা যায়। আমরা বিশ্বাস করি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার স্থান নয়, এটি মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধের দূর্গ। সুতরাং এই দূর্গকে রক্ষা করতে হলে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের সকল অপতৎপরতা দৃঢ়ভাবে প্রতিহত করতে হবে।

সংবাদ সম্মলনে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু, দপ্তর সম্পাদক নাফিউল জীবন সহ প্রায় ২০ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নাজমুল হুদা /শামি


প্রকাশিত: August 4, 2025 | সময়: 5:55 pm | Daily Sunshine

আরও খবর