সেরা রাঁধুনী সিজন ৮ : তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর নারায়ণগঞ্জের নিশাত আনজুম জিতলেন শ্রেষ্ঠত্বের খেতাব

স্টাফ রিপোর্টার: টানা কয়েক মাসব্যাপী রান্নার তীব্র প্রতিযোগিতা, সাফল্য-ব্যর্থতার গল্প, আর নানা নাটকীয়তার পর ‘গ্র্যান্ড ফিনালে’তে চূড়ান্ত বিজয়ী ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো ‘সেরা রাঁধুনী সিজন ৮’। চূড়ান্ত পর্বের পর পর চারটি চ্যালেঞ্জ- ‘কিংকর্তব্যবিমূঢ়’, ‘সি-ফুড চ্যালেঞ্জ’, ‘রেস্টুরেন্ট চ্যালেঞ্জ’, এবং ‘মেগা কিচেন চ্যালেঞ্জ’-এ তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর বিচারকদের স্কোরে নারায়ণগঞ্জের নিশাত আনজুম হয়েছেন এবারের বিজয়ী। দ্বিতীয় হয়েছেন বগুড়ার তামান্না ইয়াসমিন এবং তৃতীয় হয়েছেন নওগাঁর জুয়াইরিয়া কামাল।
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর সুপরিচিত ব্র্যান্ড ‘রাঁধুনী’-র সৌজন্যে নিয়মিতভাবে আয়োজিত হয়ে আসছে দেশের সবচেয়ে বড় কুকিং রিয়্যালিটি শো ‘সেরা রাঁধুনী’। প্রতিযোগিতাটির ৮ম আসরের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয় গত বছর ৫ নভেম্বর আয়োজিত সংবাদ সম্মেলনে। এরপর শুরু হয় রেজিস্ট্রেশন। সারা দেশ থেকে হাজারো প্রতিযোগীর রেজিস্ট্রেশনের পর বিভাগীয় অডিশনের মাধ্যমে গ্র্যান্ড অডিশনের জন্য নির্বাচিত হন দেশসেরা ৪৮ প্রতিযোগী। ঢাকায় গ্র্যান্ড অডিশনের পর তাদের মধ্য থেকে সেরা ২০ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয় স্টুডিও রাউন্ডের মূল প্রতিযোগিতা- মহামঞ্চ-র লড়াই।
আগের যেকোনো আসরের চেয়ে সেরা রাঁধুনী সিজন ৮ সাজানো হয়েছিলো আরও বড় পরিসরে। তাই এবার প্রতিযোগীদের মুখোমুখি হতে হয়েছে সর্বাধিক সংখ্যক থিম-ভিত্তিক চ্যালেঞ্জের। যার মধ্যে ‘এই তো বাংলার স্বাদ’, ‘স্বাদের বিশ্বভ্রমণ’, ‘মিষ্টিমুখ’, ’চোখ বুজে-স্বাদের খোঁজে,’ ‘জাস্ট বেক ইট’-এর মতো পরিচিত চ্যালেঞ্জ যেমন ছিলো; তেমনই ছিলো নতুন সংযোজন- ‘মিডনাইট ক্রেভিং’, ‘ফিশ ফিউশন’, ‘মশলার মাস্টার’ কিংবা ‘কিংকর্তব্যবিমূঢ়’।
তাদের বিচারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন শেফ নাঈম আশরাফ, রন্ধনবিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা, অভিনেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব দিলারা হানিফ পূর্ণিমা। মহামঞ্চের লড়াই শেষে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হন তিন প্রতিযোগী- নিশাত, জুয়াইরিয়া এবং তামান্না। যারা এরপর কক্সবাজার, সিলেট ও পাবনায় আরও তিনটি পেশাদার রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন। সবশেষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। এই বর্ণাঢ্য আয়োজনে স্কয়ার গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, প্রতিযোগিতার তিন বিচারক, ৫ মেন্টর, বিগত মৌসুমগুলোর শীর্ষ রাঁধুনীরা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সেক্টরের তারকারা।
পুরো আয়োজনকে জমকালো করে তুলতে সংগীত পরিবেশন করেন হৃদয় খান, ইমরান মাহমুদুল ও কনা। হৃদয় খানের পরিবেশনার সময় মঞ্চে সেরা ২০-কে দর্শকদের সাথে নতুনভাবে পরিচয় করিয়ে দেয়া হয়। নৃত্য পরিবেশন করেন সাদিয়া ইসলাম মৌ ও তার দল। এছাড়া অনুষ্ঠানের শেষভাগে দারুণভাবে মঞ্চ মাতান অভিনয়শিল্পী তাসনিয়া ফারিন। বিশেষ আকর্ষণ ছিল একটি ব্যতিক্রমী স্কিট, যেখানে পূর্ণিমা নিজেই তিন বিচারকের ভূমিকায় অভিনয় করে দর্শকদের উপহার দেন এক মজাদার পরিবেশনা। এছাড়া দর্শকদের অংশগ্রহণে ছিলো লাইভ কুইজ, যাতে বিজয়ীরা পেয়েছেন “রাঁধুনী-র রান্নাঘর: বাংলার সেরা ১০০ রেসিপি” নামক চমৎকার রেসিপি সংকলনটি। আর গ্র্যান্ড ফিনালের আরেকটি বড় চমক হিসেবে সিজনের নিয়মিত উপস্থাপক মৌসুমী মৌয়ের সাথে যোগ দিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। যিনি স্বভাবসুলভ রসবোধ এবং অফুরন্ত প্রাণশক্তি দিয়ে পুরোটা সময় মাতিয়ে রেখেছিলেন সবাইকে।
এর আগে অনুষ্ঠানের শুরুটা হয় স্কয়ার-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রবাদপ্রতিম স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপনের মধ্য দিয়ে। এরপর স্বাগত বক্তব্য রাখেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের মাননীয় চিফ অপারেটিং অফিসার জনাব মোঃ পারভেজ সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে এই প্ল্যাটফর্মটিকে রাঁধুনীদের স্বপ্নযাত্রার একটি গন্তব্য হিসেবে আখ্যায়িত করেন। এবারের সিজনের বিজয়ী রাঁধুনী পেয়েছেন ১৫ লাখ টাকা ও সম্মাননা স্মারক।
দ্বিতীয় স্থান অর্জনকারী পেয়েছেন ১০ লক্ষ টাকা, আর তৃতীয় স্থান অধিকারী পেয়েছেন ৫ লক্ষ টাকা ও সম্মাননা স্মারক। বিজয়ীদের হাতে ডামি চেক এবং সম্মাননা স্মারক তুলে দেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর চিফ অপারেটিং অফিসার মোঃ পারভেজ সাইফুল ইসলাম, চিফ ফিনানশিয়াল অফিসার আব্দুল্লাহ আল জাবেদ, হেড অফ মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ এবং তিন বিচারক। এছাড়া এর আগে সেরা ২০-এর বাকি প্রতিযোগীদের হাতেও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। আর কৃতজ্ঞতা স্মারক পেয়েছেন ৫ মেন্টর, তিন বিচারক এবং কনসালট্যান্ট শেফ শুভব্রত মৈত্র।
অনুষ্ঠানের ইভেন্ট পার্টনার ছিল মিডিয়াকম লিমিটেড, ব্রডকাস্ট পার্টনার মাছরাঙা টেলিভিশন, মিডিয়া পার্টনার দৈনিক কালের কণ্ঠ, এবং হসপিটালিটি পার্টনার হিসেবে ছিল রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট। বর্ণাঢ্য গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি ২৫ জুলাই ২০২৫, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয়েছে। এছাড়া অনুষ্ঠানটি ‘সেরা রাঁধুনী’ এবং ‘মাছরাঙা টেলিভিশন’-এর ইউটিউব চ্যানেলেও সকলে উপভোগ করতে পারবেন।


প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫ | সময়: ৬:০৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর