, , ।
স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোর সদর উপজেলার বড়ভিটা ভেদরার বিল এলাকায় একটি পুকুরপাড় থেকে অজ্ঞাত (২৫) এক নারীর গলাকাটা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে নাটোর পৌরসভার বড়ভিটা ভেদরার বিল এলাকার একটি পুকুরপাড়ে রক্তাক্ত অবস্থায় এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি নাটোর সদর থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তিনি আরও জানান, ঘটনাটি হত্যাকাণ্ড ধারণা করা হচ্ছে। তরুণীর পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।