রাকসু’র তফসিল ঘোষণার দাবিতে সোমবার অবস্থান কর্মসূচি

রাবি প্রতিনিধি ডিজিটাল :

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)- নির্বাচন নিয়ে প্রশাসনের কালবিলম্বের প্রতিবাদে এবং তফসিল ঘোষণা ও বাস্তবায়নের ১ দফা দাবিতে আগামী সোমবার অবস্থান কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। শনিবার (১৯ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যালায়েন্স’র ব্যানারে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংগঠনটির মুখপাত্র ও বৈষম্যবিরোধী আন্দোলন, রাবির সাবেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, আগামী ২১ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যালায়েন্স এর পক্ষ থেকে এক দফা রাকসুর দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। উক্ত কর্মসূচি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসমূহকে সংহতি জানানোর আহ্বান জানাই।

তিনি আরো বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংস্কারে সব ধরনের দাবির প্রতি সংহতি জানিয়ে আমরা এক দফা ঘোষণা করছি। অনতিবিলম্বে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। অন্যথায় আমাদের শিক্ষার্থীসমাজের প্রাণের দাবি রাকসু বাস্তবায়নের লক্ষ্যে চূড়ান্ত অবস্থান নিতে বাধ্য হবে।

সংগঠনটির নেতারা জানান, তাঁরা ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে লিফলেট বিতরণ, অনালইন প্রচারণাসহ বিভিন্ন উদ্যেগ নিয়েছেন।

উল্লেখ্য, কয়েকদফা পিছিয়ে সর্বশেষ গত ৩০ জুনের মধ্যে রাকসু’র তফসিল ঘোষণা করার কথা থাকলে এখনও তফসিল ঘোষণা করা হয়নি।

নাজ৩/শামি


প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫ | সময়: ৯:৪৬ অপরাহ্ণ | Daily Sunshine