বাঘায় ইয়াবা উদ্ধার দুই যুবক আটক

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘা উপজেলা সদরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় দুই যুবককে হাতে-নাতে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বাঘা পৌরসভা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ তাদের আটক করেন। এ ঘটনায় পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এলাকার লোকজন।
আটককৃতরা হলেন বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের রাসেল (২০), তার পিতার নাম মজিবর রহমান ও একই উপজেলার আড়পাড়া গ্রামের তসিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (১৯)।
এরা দুজন পুলিশের চোখ ফাঁকি দিয়ে এর আগে থেকেই মাদক ক্রয় বিক্রি করে আসছিল বলে স্থানীয়রা জানান। সবশেষ মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বাঘা পৌর সভার সামনে থেকে ১৫ পিস ইয়াবা সহ তাদের দুজনকে আটক করে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক সোর্স জানিয়েছেন, রাসেল একজন মাদক বিক্রেতা। সে পুলিশের হাতে আটক হওয়ার পুর্বে অন্যত্র আরো কিছু ইয়াবা বিক্রী করে দ্বিতীয়বার হাত বদলের সময় আটক হয়েছেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) অ.ফ.ম আছাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল তাদের আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


প্রকাশিত: জুলাই ৩, ২০২৫ | সময়: ৪:১৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর