সর্বশেষ সংবাদ :

চিকিৎসক নিয়োগে ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষা ১৮ জুলাই

সানশাইন ডেস্ক: চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগের ঘোষণা অনুযায়ী আগামী ১৮ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হবে। দুই ঘন্টাব্যাপী এ পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়, শেষ হবে ১২টায়।
এর আগে গত ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জনের শূন্য পদ ২ হাজার ৭০০টি এবং সহকারী ডেন্টাল সার্জন ৩০০টি।
এর আগে বিশেষ ৩৯তম ও ৪২তম বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল। ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন আবেদন এবং ফি জমাদান চলে ১ জুন (সকাল ১০টা) থেকে ২৫ জুন (সন্ধ্যা ৬ টা) পর্যন্ত। বিশেষ বিসিএসে পরীক্ষা হবে সর্বমোট ৩০০ নম্বরের। এর মধ্যে ২০০ নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। আর বাকি ১০০ নম্বর থাকবে মৌখিক পরীক্ষার জন্য।
২০০ নম্বরের মধ্যে প্রার্থী যে বিষয়ের জন্য পরীক্ষা দেবেন, সেই বিষয়ের ওপর ১০০ নম্বরের পরীক্ষা আর বাকি ১০০ নম্বর হবে সাধারণ বিষয়ে। সাধারণ বিষয়ে ১০০ নম্বর নম্বর বণ্টন হবে, বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, বাংলাদেশ বিষয়াবলিতে ২০ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর, গাণিতিক যুক্তিতে ১০ নম্বর ও মানসিক দক্ষতায় ১০ নম্বর। এই পরীক্ষার জন্য সর্বমোট সময় থাকবে দুই ঘণ্টা।
প্রতিটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। আর মৌখিক পরীক্ষায় পাস করতে প্রার্থীকে ন্যূনতম ৫০ নম্বর পেতে হবে।


প্রকাশিত: July 2, 2025 | সময়: 4:23 am | সুমন শেখ

আরও খবর