সর্বশেষ সংবাদ :

সার্বভৌমত্ব রক্ষায় তরুণ নৌ কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

সানশাইন ডেস্ক: দেশের সার্বভৌমত্ব রক্ষায় তরুণ নৌ কর্মকর্তাদের সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার নৌবাহিনীর মিডশিপম্যান ২০২২-বি ব্যাচ এবং ডিরেক্ট অ্যান্ট্রি অফিসার ২০২৫ এর প্রশিক্ষণ শেষে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, চট্টগ্রামের নেভাল একাডেমিতে এ অনুষ্ঠানে সেনাপ্রধান ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় নবীন কর্মকর্তাদের দেশপ্রেম ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে পালনের আহ্বান জানান।
পেশা হিসেবে দেশ সেবার এ দায়িত্ব বেছে নেওয়ায় নবীন কর্মকর্তা ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানান তিনি। আইএসপিআর বলেছে, এ অনুষ্ঠানের মধ্য দিয়ে নৌবাহিনীর ২০২২-বি ব্যাচের ৪৪ জন মিডশিপম্যান এবং ২০২৫-এ ব্যাচের ৮ জন অ্যান্টি অফিসারসহ মোট ৫২ জন কর্মকর্তা কমিশন লাভ করেন। তাদের মধ্যে আটজন নারী এবং চারজন বিদেশি কর্মকর্তা রয়েছেন।
কুচকাওয়াজ পরিদর্শন শেষে সেনাবাহিনী প্রধান বিভিন্ন বিষয়ে কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন। এর আগে তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে মেহেদী হাসান মৃধা সব বিষয়ে সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে ‘সোর্ড অব অনার’ লাভ করেন।
মো. মেহেরাব হক তনি প্রশিক্ষণে ২য় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে ‘নৌ প্রধান স্বর্ণপদক’ এবং অ্যান্ট্রি অফিসার অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট রাজীব দত্ত কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী হিসেবে ‘বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক’ লাভ করেন। এছাড়াও সুদান সেনাবাহিনীর আবোহোরিরা এলবাদাওয়ি আহমেদ আবদেল নাঈম সেরা চৌকস হিসেবে ‘বিএনএ আন্তর্জাতিক স্বর্ণ পদক’ লাভ করেন।


প্রকাশিত: June 24, 2025 | সময়: 4:19 am | সুমন শেখ

আরও খবর