সর্বশেষ সংবাদ :

মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সোনালী অতীত ক্লাবের আয়োজনে রাঙ্গাপরী ডেভেলপার্স অ্যান্ড প্রপার্টিজ মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৬ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে হাইটেক পার্ক সংলগ্ন মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী। তিনি খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিতে খেলোয়াড়দের উৎসাহিত করছেন। সাবেক খেলোয়াড়দের সম্মানী ভাতা দিচ্ছেন। ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা অন্বেষণ ও বিকাশে সরকার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করেছে।
রাসিক প্রশাসক বলেন, অতীতে রাজশাহীর ক্রীড়াঙ্গন থেকে বহু জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে এসেছে। রাজশাহীর ক্রীড়াঙ্গনকে সামনের দিকে এগিয়ে নেয়ার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সবুর আলী, রাঙ্গাপরী ডেভেলপার্স অ্যান্ড প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মো: উজ্জল কবির, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্টের আহবায়ক ও সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক আলী আফতাব তপন।
উল্লেখ্য, মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এ চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী রয়েলস এবং রানার আপ হয়েছে রাজশাহী অ্যাভেঞ্জারস।


প্রকাশিত: জুন ১৪, ২০২৬ | সময়: ৩:৪৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর