বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চারু ও কারুকলা বিষয়ে পৃথক পাস বাতিল সহ পাঁচ দফা দাবিতে জয়পুরহাটে স্মারকলিপি দিয়েছে ১৮তম বৈষম্য বিরোধী চারু ও কারুকলা নিবন্ধন প্রত্যাশি পরিষদ। রোববার দুপুর ৪টায় জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর মাধ্যমে শিক্ষা উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয় বলে জানান পরিষদের সমন্বয়ক মাহফুজার রহমান। তার নেতৃত্বে একদল নিবন্ধন প্রত্যাশী এ কর্মসূচিতে অংশ নেন।
স্মারকলিপিতে উল্লেখ করা দাবিগুলোর মধ্যে রয়েছে, এনটিআরসিএ চেয়ারম্যানের ২৪ অক্টোবর ২০২৪ সালের স্মারকের আলোকে ‘পৃথক পাস’ নীতি বাতিল করে দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা, ১৮তম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চারু ও কারুকলা বিষয়ের প্রার্থীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ, মাধ্যমিক স্তরে বিষয়টি বাধ্যতামূলক করতে শিক্ষক নিয়োগ ও সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন, বিদ্যমান শূন্যপদ দ্রুত পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণ, নিয়োগপ্রাপ্তদের জন্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত ফলাফলে চারু ও কারুকলা বিষয়ে গুরুতর অনিয়ম ও বৈষম্য রয়েছে। এতে মেধাবী প্রার্থীরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। পাশাপাশি বলা হয়, চারু ও কারুকলার গুরুত্ব উপেক্ষা করলে ভবিষ্যৎ প্রজন্ম মানসিক ও সাংস্কৃতিকভাবে অপুষ্ট থাকবে। এটি কেবল চাকরি নয় বরং শিল্পমনস্ক ও মানবিক জাতি গঠনের দাবির আন্দোলন বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।