সর্বশেষ সংবাদ :

সমুদ্র সৈকতে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু

স্টাফ রিপোর্টার: কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী বিচ পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে সিফাত (২০)।
রাজশাহী সিটি করপোরেশনের রাজপাড়া থানার মহীশ বাথান পূর্ব পাড়ার আবুল কালামের ছেলে ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের হিসাব রক্ষক শাহীনূর রহমান (৬০) এবং তার ছেলে সিফাত (২০)। তারা স্বপরিবারে রাজশাহী থেকে কক্সবাজার সৈকত ভ্রমণে এসেছিলেন।
শাহীনূরের স্ত্রী ইয়াসমিন আরাফ জানান, তারা ৫ জুন কক্সবাজারে বেড়াতে আসেন। উঠেন কক্সবাজার শহরের সি ক্রাউন হোটেলে। দুই ছেলে নিয়ে তারা কক্সবাজারেই ঈদ করেছেন।
ছেলে সিফাত প্রথমে গোসলে নামেন। সে সমুদ্রের গভীরে চলে যায়। সেটা দেখে তার বাবা তাকে আনতে যান। তখন তিনিও আটকে যান। পরে আমি লাইফগার্ড ডেকে আনি। তারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। সিফাত রাজশাহী কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানান ইয়াসমিন আরাফ।
কলাতলী সৈকতে পর্যটকদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত বেসরকারি সংস্থা ‘সি সেফ লাইফগার্ড স্টেশনের এর লাইফগার্ড মোহাম্মদ শুক্কুর জানান, কয়েক দিন ধরে বঙ্গোপসাগর উত্তাল। বৈরী আবহাওয়ার প্রভাবে সাগরের বিভিন্ন পয়েন্টে একাধিক গর্তের (গুপ্তখাল) সৃষ্টি হয়েছে। সমুদ্রের পানিতে উল্টো স্রোতের টানও বেশি দেখা যাচ্ছে। এ অবস্থায় গুপ্তখাল সৃষ্টি হওয়াটা বেশ ঝুঁকির। সৈকতে গোসলে নামতে নিষেধ করে লাইফগার্ড আওতাভুক্ত এলাকায় একাধিক নিশানা টাঙানো হয়েছে।
লাইফগার্ডের কর্মীরা জানান, বাবা-ছেলে দুজন হোটেল সায়মান বিচ রিসোর্টের সামনে সৈকতে গোসলে নামেন। সেখানে লাল নিশানা টাঙানো ছিল। কিছুক্ষণ পর ঢেউয়ের ধাক্কায় বাবা-ছেলে ভেসে যেতে থাকেন। এ সময় সাঁতার কেটেও তাঁরা তীরের দিকে ফিরতে পারেননি। একপর্যায়ে তাঁরা স্রোতের টানে গুপ্তখালে আটকা পড়েন। ওই সময় লাইফগার্ডের কর্মীরা দ্রুতগতির জলযান ‘জেটস্কি’ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। সেখান থেকে তাঁদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর দুজনই অতিরিক্ত রক্ত বমি করেন। একপর্যায়ে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রের বিপজ্জনক পয়েন্টে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। সেখানে একাধিক গুপ্তখাল আছে বলে জানা গেছে।


প্রকাশিত: জুন ১১, ২০২৫ | সময়: ২:৪০ পূর্বাহ্ণ | সুমন শেখ