রাজশাহীতে অনুমোদনহীন: বেকারিতে বিএসটিআই এর অভিযান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রোববার (২৫ মে) রাজশাহী মহানগরীতে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামসের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত মহানগর বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বেকারীটি বিএসটিআই এর অনুমোদন ছাড়া পাউরুটি উৎপাদন ও বিক্রি করছিল এবং পণ্যের মোড়কে নির্ধারিত ওজনও উল্লেখ করা হয়নি। এসব অনিয়মের দায়ে তাদের এই জরিমানা করা হয়।
অপর একটি অভিযানে একই এলাকার বেঙ্গল বেকারী প্রতিষ্ঠানটি বিএসটিআই এর বকেয়া বিল পরিশোধ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদনের অভিযোগে সতর্ক করা হয়। প্রতিষ্ঠানটিকে বিল পরিশোধ ও অন্যান্য ত্রুটি সংশোধনের জন্য ৫ দিন সময় দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব কার্যক্রম সম্পন্ন না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে বিএসটিআই কর্তৃপক্ষ।
অভিযানকালে বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ এবং মেট্রোলজি উইং এর কর্মকর্তা প্রকৌশলী আসিফ সাদিক উপস্থিত ছিলেন। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অভিযানে অংশ নেন।


প্রকাশিত: মে ২৬, ২০২৫ | সময়: ৩:৪১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর