, , ।
স্টাফ রিপোর্টার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ০৯ ডিসেম্বর বাংলাদেশ পোস্টাল একাডেমিতে চলমান চার সপ্তাহব্যাপী ইন্ডাকশন কোর্সের সান্ধ্যকালীন সেশনে অনলাইনে (জুম প্লাটফর্ম) যুক্ত হয়ে বক্তব্য রাখেন। তিনি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ৫৪ জন নবনিযুক্ত উপজেলা পোস্টমাস্টার, পোস্ট অফিস পরিদর্শক ও জুনিয়র একাউন্ট্যান্টদের অভিনন্দন জানান এবং বলেন যে ডিজিটাল যুগে ডাক বিভাগকে আধুনিক, দ্রুতগামী ও জনগণের সবচেয়ে বিশ্বাসযোগ্য সেবা প্রতিষ্ঠানে রূপান্তর করতে তাদের সততা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বিশেষভাবে অ্যাডড্রেস ম্যানেজমেন্ট সিস্টেম গেইস সেন্ট্রাল লজিস্ট্রিকস ট্রাকিং প্লাটফর্ম (সিএলটিপি) এর গুরুত্ব তুলে ধরে বলেন যে সঠিক ও ডিজিটালাইজড অ্যাডড্রেস ম্যানেজম্যান্ট লাস্ট-মাইল ডেলিভারি, ট্র্যাকিং নির্ভুলতা ও সার্বিক লজিস্টিক্স দক্ষতা বাড়াবে। ডাক বিভাগের সাম্প্রতিকতম উদ্ভাবন সিএলটিপি পার্সেল মুভমেন্টকে রিয়েল-টাইমে ট্র্যাকিংয়ের মাধ্যমে সাপ্লাই চেইন ব্যবস্থাপনা ও সরকারি আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে পার্সেল ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপজেলা স্তরে ডাক বিভাগের এসকল ডিজিটাল কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়নের দায়িত্ব নতুন কর্মকর্তাদেরই নিতে হবে।
তিনি আরও বলেন, যে ডিজিটাল পার্সেল ব্যবস্থাপনা, অনলাইন ট্র্যাকিং, ই-কমার্স লজিস্টিক্স, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস, রেমিট্যান্স, সরকারি ভাতা বিতরণ এসব ক্ষেত্রেই ডাক বিভাগের ভূমিকা দিন দিন বাড়ছে এবং স্মার্ট ডাকঘর গড়ে তুলতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, আর্থিক শৃঙ্খলা, সাইবার নিরাপত্তা, সময়ানুবর্তিতা এবং অভিযোগ নিষ্পত্তিতে দক্ষতা প্রদর্শন করা প্রয়োজন। ইঞ্জিনিয়ারিং, কৃষিবিদ্যা, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং এসটিইএম-এর বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রিধারী প্রশিক্ষণার্থীদের প্রশংসা করে তিনি বলেন যে তাদের বিশ্লেষণধর্মী চিন্তা ও প্রযুক্তি ব্যবহারের সক্ষমতাই ডাক বিভাগের আধুনিকায়নকে ত্বরান্বিত করবে এবং রাষ্ট্র তাদের ওপর যে আস্থা রেখেছে তা তারা দায়িত্বশীলতার সঙ্গে রক্ষা করবে বলেই সরকার প্রত্যাশা করে। অনুষ্ঠানে মহাপরিচালক, ডাক অধিদপ্তর (জুম প্লাটফর্মে), পোস্টাল একাডেমি, রাজশাহীর অধ্যক্ষ, প্রশিক্ষকবৃন্দ এবং রাজশাহীস্থ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থীগণও তাদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার সারাংশ ও অনুভুতি মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সামনে তুলে ধরেন।