সর্বশেষ সংবাদ :

মোহনপুরে মিমাংসার বৈঠক থেকে দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে দু-পক্ষের মধ্যে স্থানীয় মিমাংসার বৈঠক থেকে দেশীয় অস্ত্র ও বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জাহানাবাদ ইউপির কুটিবাড়ী বাজারের একটি মার্কেট নিয়ে কোটালীপাড়া গ্রামের দু-পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। মার্কেটটি দখলে রয়েছে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের। অপরপক্ষ এমাদুর রহমান শাহ এর সাথে মার্কেটের জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে আরো জানা গেছে, দু’পক্ষের দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে স্থানীয় ভাবে মিমাংসায় বসে উভয় পক্ষের লোকজন। মিমাংসা চলাকালীন তিন দফা সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম পক্ষের লোকজনের ব্যাগ তল্লাশি করে অন্তত ৩০-৩৫ পিচ বোম পাওয়া যায়।
এসময় সন্দেহ হলে মোটরসাইকেল তল্লাশি করে আরেকটা বস্তায় রাখা দেশীয় অস্ত্র হাসুয়া, লোহার রড, চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে বৈঠকে বসা স্থানীয় লোকজন ও পরিষদের গ্রাম পুলিশরা এসব অস্ত্র উদ্ধার করে সন্ত্রাসীদের আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে অস্ত্রগুলো উদ্ধার করে হেফাজতে নেয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বৈঠকে দেশীয় অস্ত্রের পাশাপাশি জাহাঙ্গীর পক্ষের লোকজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিলো বলে জানা গেছে। তবে সরেজমিনে আগ্নেয়াস্ত্রের নির্দিষ্ট খোঁজ মেলেনি।
বৈঠকে উপস্থিত জাহানাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ জানান, মার্কেটের জায়গা নিয়ে দুপক্ষের লোকজন নিয়ে স্থানীয়ভাবে মিমাংসায় বসা হয়। এর একপর্যায়ে বহিরাগত কিছু ছেলেদের ব্যাগ তল্লাশি করে দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলেও পরবর্তীতে পরিস্থিতি শান্ত রয়েছে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেশীয় অস্ত্র ও স্কুল ব্যাগ হতে বোম সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। তবে বোম ডিসপোজাল টিম এলে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: May 23, 2025 | সময়: 4:14 am | সুমন শেখ

আরও খবর