, , ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ শ্যামপুর ইউনিয়নের ভবানীপুর আল-আরবী ক্যাডেট মাদ্রসার ছাত্র নিখোঁজের ১২দিন পার হলেও উদ্ধার বা কোন সন্ধান করতে পারেনি শিবগঞ্জ থানা পুলিশ।
অন্যদিকে নিঁখোজ ছাত্রের পিতার অভিযোগ মাদ্রাসার কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলায় তার ছেলে সোলাইমান হোসেন নিখোঁজ হয়েছে।
ছেলের সন্ধান চেয়ে দুর্লভপুর ইউনিয়নের নামো জগনাথপুর গ্রামের তরিকুল ইসলাম শিবগঞ্জ থানা একটি সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজ সোলাইমান হোসেনের পিতা অভিযোগ করে বলেন, আমার ছেলে ঈদের ছুটি কাটিয়ে ৮ এপ্রিল মাদ্রাসার যায়। ওইদিন থেকে পূর্বের ন্যায় একটি বাড়িতে তার ছেলে খেতেও গেছে। কিন্তু ওই বাড়ির মালিক দুদিন পর খেতে না আসার কারণ জানতে চেয়ে তাকে ফোন দিলে তিনি বিষয়টি অবগত হন। এরপর তিনি মাদ্রাসা গিয়ে প্রধান শিক্ষক সহ সকলকে তার ছেলে হারানোর পরও তাকে না জানানোর জন্য কৈফিয়ত চেয়েও তারা এর সদুত্তর দেয়নি। পরে থানায় গিয়ে ছেলের সন্ধান চেয়ে জিডি করেন ভুক্তোভোগী পিতা।
তরিকুল ইসলাম জানান, মাদ্রাসার শিক্ষকরা ছেলেকে মারধর করত। মাদ্রাসা কর্তৃপক্ষের এমন দায়িত্ব অবহেলার কারণে আমার ছেলে নিখোঁজ। আমি ছেলের সন্ধান চাই এবং মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।
এ ব্যাপারে ভবানীপুর আল-আরবী ক্যাডেট মাদ্রসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হামিদ বলেন, আমার প্রতিষ্ঠান থেকে একজন ছাত্র নিখোঁজ হয়েছে এটা সত্য। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছি। নিখোঁজের পর ছেলের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরাতো তাকে খুঁজছি। তাই তাৎক্ষণিক জানানো হয়নি।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, ভবানীপুর আল-আরবী ক্যাডেট মাদ্রসার ছাত্র নিখোঁজের একটি জিডি হয়েছে। ছাত্রটিকে উদ্ধারের চেষ্টা চলছে।