, , ।
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার ১নং গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি করা হয়। স্থানীয় সুত্রে জানা যায় সোমবার গভীর রাতে কে বা কারা গোবিন্দপাড়া ইউনিয়নের বোয়ালিয়া বিলে প্রায় ৫০বিঘার দিঘীতে বিষ প্রয়োগ করা হয়।
এ বিষয়ে গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় দেশের প্রায় ২৩৭টি আসনে বিএনপি মনোনয়নপত্র ঘোষণা করেছেন।
আমি রাজশাহী-৪ (বাগমারা) আসনের মনোনয়ন বঞ্চিত অধ্যাপক কামাল হোসেনের অনুসারী হওয়ায় দুষ্কৃতকারীরা আমার দিঘীতে বিষ প্রয়োগ করেছে। বিষ প্রয়োগে মৃত মাছগুলো ভেসে উঠতে দেখেছেন পাহারাদার। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাছ মরে পুরো দিঘীতে ভেসে আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মৃত মাছের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে ইটভাটার ব্যবসার পাশাপাশি পুকুরে মাছ চাষ করে আসতেছি। আমার বেশ কয়েকটি পুকুর ও দিঘী রয়েছে এবং এগুলো ইজারা নিয়ে মাছ চাষ করি। একটি পক্ষ দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।
বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটে অধ্যাপক কামাল হোসেনের পক্ষে থাকার কারণে এই ক্ষতি করা হয়েছে। পুকুরে বিষ প্রয়োগ করে আমার প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে,বিষয়টি পুলিশকে অবগত করেছি। আইনগত ব্যবস্থা নিবো।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।