পহেলা বৈশাখ উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার: আসন্ন পহেলা বৈশাখ ১৪ই এপ্রিল। বাঙালি তাদের প্রাণের বাংলা নববর্ষ ১৪৩২ উর্যপন করবে। এ উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। বুধবার আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
বাংলা নববর্ষ উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকায় জনসাধারণের নিরাপত্তার স্বার্থে নগরবাসী ও যানবাহন আরোহীদের অসুবিধা এবং বিরক্তি দূরীকরণের উদ্দেশ্যে রাস্তায় সর্বসাধারণের ব্যবহার্য স্থানে গান-বাজনা, বাদ্য বাজনা, হর্ন বাজানো, লাউড স্পীকার ব্যবহার এবং শোভাযাত্রা/র‌্যালিতে বিরক্তির উদ্রেককারী বাঁশি যেমন-ভুভুজেলা এবং আতশবাজি ফোটানো, ফানুস/গ্যাস বেলুন উড়ানো, পটকা ক্রয়-বিক্রয় ও ব্যবহার, বাইক রেসিং, ডিজে পার্টি, অস্ত্রশস্ত্র বহন, বিষ্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও, অনুষ্ঠানে আগত ব্যক্তিদের ব্যাকপ্যাক, হাতব্যাগ, লাইটার ও ম্যাচবক্স বহন নিষিদ্ধ করা হয়েছে।
বর্ষবরণ উপলক্ষ্যে আয়োজিত সকল অনুষ্ঠান সন্ধ্যা ৬টার পূর্বে সমাপ্ত করার অনুরোধ করা হয়েছে। সেইসাথে উক্ত সময়ে অনুমোদিত বারসমূহ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫ | সময়: ৩:৫৬ পূর্বাহ্ণ | সুমন শেখ