নাটোরে সাংবাদিকদের উপর হামলা: এসপির বিরুদ্ধে থানায় অভিযোগ

সানশাইন ডেস্ক: নাটোর আদালতে প্রাঙ্গণে সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় বরখাস্ত পুলিশ সুপার এসএম ফজলুল হকের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় সাংবাদিক কাউছার হাবীব বাদি হয়ে অভিযোগটি দায়ের করেন বলে জানান নাটোর সদর থানার ওসি মো. মাহাবুর রহমান।
এসময় নাটোরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন বলে জানান তিনি। অভিযোগের বিষয়ে কাওসার হাবীব বলেন, মঙ্গলবার দুপুরে স্ত্রীকে নির্যাতনের মামলায় ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত বরখাস্তকৃত পুলিশ সুপার এসএম ফজলুল হক নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে আসেন।
পরে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকরা ভিডিও ধারণ ও ছবি তুলতে গেলে পুলিশের কাছ থেকে ছুটে এসে আসামি ফজলুল হক সাংবাদিকদের উপর হামলা করেন এবং ক্যামেরা ভাঙচুরের চেষ্টা চালান। এঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে সেনাবাহিনীর হস্তক্ষেপে তাকে কারাগারে নেয়া হয়।
বরখাস্তকৃত পুলিশ সুপারকে হাতকড়া না পরিয়ে দায়িত্বে অবহেলার পাশাপাশি বিশেষ সুবিধা দেওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সংবাদকর্মীরা কঠোর কর্মসূচিতে যাবে বলেও জানান তিনি। এদিকে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনার অভিযোগটি গ্রহণ করা হয়েছে বলে ওসি মাহাবুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫ | সময়: ৩:৫৩ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর