সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে পাগলা কুকুরের কামড়ে ১০ জন আহত

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একদিনে পাগলা কুকুরের কামড়ে শিশু ও বৃদ্ধসহ প্রায় ১০ জন গুরুতর আহত হয়েছেন। গোদাগাড়ী পৌর শহরের মহিশালবাড়ি, আলীপুর, সাগর পাড়া, মহল্লায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সামিরুল ছেলে আবদুল আলিম (৬), মালেকর ছেলে নুর (৬), শহিদুলের ছেলে নাজিবুল্লাহ (৭), কালুর ছেলে (রাফি) (৬), শরিফুলের মেয়ে ফাতেমা (৮), নানার বাড়িতে বেড়াতে আসা শাব্বির (৮) পথচারী নওশাদ (৫০) সহ অন্তত ১০ জন।
স্থানীয় ও বিভিন্ন সূত্রে জানা যায়, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত গোদাগাড়ী পৌর শহরের একের পর এক মানুষকে পাগলা কুকুর কামড় দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই দিন সন্ধ্যায় লোকজন সাগর পাড়া গ্রামে কুকুরটিকে খুঁজে বের করে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত কয়েক দিনে ১০ জন বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন। অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন। কুকুরের কামড়ের শিকার ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হয়েছে।
মহিশালবাড়ী এলাকার বাসিন্দা মাওলানা শহিদুল ইসলামে বলেন, সোমবার বিকেলের দিকে আমার ছেলে বাড়ির পাশে সাইকেল নিয়ে খেলছিল। সেখান থেকে বেরিয়ে বাড়িতে ঢোকার সময় হঠাৎ করে একটি পাগলা কুকুর শরীরের বিভিন্ন জায়গায় কামড় দিয় মাংস ছিঁড়ে ফেলে। গুরুতর অবস্থায় আমার ছেলেকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করি।
আলিপুর মহাল্লার হোসেন আলী বলেন, রোববার সকালে বাড়ির পিছনে খেলাধুলা করছিল আমার ছেলে আবরার (৪) পাগলা কুকুরের বেপরোয়া কামড়ের শিকার হয়। তাকে দ্রুত গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ডাক্তার ভ্যাকসিন ফার্মেসি থেকে কেনার জন্য লিখে দেন। উপজেলায় কোন ফার্মেসিতে ভ্যাকসিন না থাকায় রাজশাহী থেকে এক হাজার টাকায় একটি ভ্যাকসিন নিয়ে আসি। ডাক্তার বলেছেন প্রথম দিনে দুটি ভ্যাকসিন দেওয়ার জন্য। আমি গরিব মানুষ, এত খরচ করার সামর্থ্য আমার নেই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাসানুল জাহিদ বলেন, শুনেছি কুকুরের কামড়ের শিকার কয়েক জন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিল। বর্তমানে জলাতঙ্ক রোগ প্রতিরোধের ভ্যাকসিন আছে ২০টি। একজন রোগীর জন্য চারটি করে ভ্যাকসিন বরাদ্দ আছে। কোন কারনে রোগী যদি বেড়ে যায় সে ক্ষেত্রে বাইরে থেকে ভ্যাকসিন কিনে চিকিৎসা নিতে হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন, বিষয়টি দুঃখজনক। আমি খোঁজ খবর নিচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষ যদি কুকুরটি পাগল হওয়ার কারণ নিশ্চিত করে তারপর কুকুরটি দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫ | সময়: ৭:৫৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর