বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলাধীন প্রেমতলী খেতুর ধাম অর্থাৎ গৌরাঙ্গদেব ট্রাস্ট বোর্ড পরিচালিত সনাতন ধর্মাবলী প্রতিষ্ঠান উত্তপ্ত হয়ে উঠেছে। ট্রাস্ট বোর্ডের ব্যবস্থাপক গোবিন্দ চন্দ্র পালের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ এনে ভক্তবৃন্দ ও এলাকাবাসী প্রতিষ্ঠানের মধ্যে বুধবার (৫ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় একত্রিত হয়ে প্রতিবাদ জানান। ভক্তবৃন্দদের অভিযোগ, বেতনভুক্ত কর্মচারী হয়েও অল্প সময়ের মধ্যে কোটিপতি হয়ে গেছেন গোবিন্দ চন্দ্র পাল। এছাড়া ট্রাস্ট বোর্ড থেকে বলা হয়ে থাকে যে ভক্তদের জন্য ভোগ বা খাওয়া-দাওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু গোবিন্দ চন্দ্র পাল এই ভোগ টাকার বিনিময়ে বিক্রি করেন বলে জানা গেছে। অভিযোগকারীরা আরও জানান, প্রণামী বাক্স থেকে নিয়মিত টাকা লুট করা হয়, যা ধর্মীয় প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। সনাতন ধর্মাবলম্বীরা এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং গোবিন্দ চন্দ্র পালসহ ট্রাস্ট বোর্ডের সকল কমিটি বাতিলের দাবি জানান।
ভক্তবৃন্দরা এই ধরনের দুর্নীতি ও অর্থ আত্মসাৎ বন্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি মানুষের আস্থা ও ভক্তির প্রতীক। এ ধরনের অপকর্ম প্রতিষ্ঠানটির প্রতি ভক্তদের বিশ্বাস ও আস্থার মধ্যে চিড় ধরায়। এ বিষয়ে গোবিন্দ চন্দ্র পালের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, খেতুর ধাম সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যেখানে প্রতি বছর হাজারো ভক্ত সমবেত হন। এই ঘটনায় ভক্তদের মধ্যে হতাশা বিরাজ করছে, এবং তারা ন্যায়বিচারের প্রত্যাশায় দিন গুনছেন।