বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চবিদ্যালয়ের সাময়িক বহিষ্কৃত প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন আব্দুল আজিজ নামের এক ব্যক্তি। মামলার শুনানির শেষ পর্যায়ে এলে বাদিকে অপহরণ করার অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে বাদিকে অপহরণের অভিযোগ আনেন বাদি আব্দুল আজিজের বড়ভাই আব্দুল মজিদ প্রামাণিক। বাদি আব্দুল আজিজ উপজেলার বেলনা গ্রামের কুরবান প্রামানিকের ছেলে।
মামলার বাদির বড়ভাই আব্দুল মজিদ প্রামাণিক দৈনিক সানশাইন প্রতিবেদককে ফোনে জানান, মামলার বাদি আব্দুল আজিজ সকালে কেশরহাট বাজারে এলে মামলার প্রধান আসামি শফিকুল ইসলামসহ কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম ও সদ্য বহিষ্কৃত যুবদলের সদস্য সাদ্দাম হোসেন মিলে সিএনজি গাড়িতে জোরকরে তুলে নেয়। এরপর থেকে আব্দুল আজিজের ফোন বন্ধ পাওয়া যায়।
আব্দুল আজিজের বড়ভাই জেলার বাইরে থাকায় দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। তবে তিনি মোহনপুর থানায় অপহরণের বিষয়টি মৌখিক অবগত করেছেন বলে জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আসামি ও তার ভাড়াটে সন্ত্রাসীরা ফোন করে বাদি আব্দুল আজিজকে ডেকে নেয়। বাদি আব্দুল আজিজ বাজারে আসামাত্র আসামি ও তার লোকজন মামলা তুলে নিতে জোর করে গাড়িতে তুলে আদালতে নিয়ে যায়। এরপর থেকে আসামি পক্ষ বাদি আব্দুল আজিজকে অপহরণ করে রেখেছে।
এ বিষয়ে মন্তব্য জানতে মামলার প্রধান আসামি (সাময়িক বহিষ্কৃত) প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেননি।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান জানান, অপহরণ সংক্রান্ত লিখিত কোন অভিযোগ পাইনি। তবে মৌখিকভাবে এরকম খবর শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।