সর্বশেষ সংবাদ :

ভবানীগঞ্জ বাজার আধুনিকায়নের কাজ শুরু

স্টাফ রিপোর্টার, বাগমারা: উপজেলা সদর ভবানীগঞ্জকে আধুনিক ও উন্নত পৌরসভা গঠনের কাজ শুরু হয়েছে। যানজট মুক্ত, পুটপাতে চলাচল, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ভখাটেদের উৎপাত বন্ধ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও পরিস্কার পরিচ্ছন্ন পৌরসভা ও হেডকোয়ার্টার গঠনের লক্ষে পৌরসভায় বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে।
এছাড়া ভবানীগঞ্জ বাজারে সপ্তাহে দুই দিন হাটবার সহ অন্যান্য দিন তীব্র যানজটের কারণে পথচারী ও স্কুলগামী ছাত্রছাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। এই যানজট নিরসনের জন্য বাজারে যত্রতত্র ট্রাক থামিয়ে লোডিং অনলোডিং বন্ধ করা, ট্রাকবাস সহ ভারী যানবাহন গুলোকে কলেজ মোড় থেকে গোডাউন মোড়ের বাইপাস রাস্তা ব্যবহার করা ও বাজারে মেইন রোডের উপর যত্রতত্র দোকানপাট না বসানো সহ বেশ কিছু পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
পাশাপাশি ভবানীগঞ্জ কলেজ মোড়, গোডাউন মোড় ও ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রন করারও পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব জরুরী পদক্ষেপ বাস্তবায়নে আমরা থানা পুলিশের সহযোগিতা চেয়েছি। গতকাল মঙ্গলবার উপজেলা হলরুমে বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ পৌরসভাকে উন্নত ও আধুনিক রুপে সাজাতে বেশ কিছু সিদ্ধান্ত বাস্তবায়নের কথা তুলে ধরেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ও মাসিক আইন শৃঙ্খলা ও সমন্ময় কমিটির সভাপতি মাহবুবুল ইসলাম। এসব উন্নয়ন কাজ বাস্তবায়নে ইউএনও দলমত নির্বিশেষে রাজনৈতিক ঐক্যমত ও সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, বাগমারা থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, বাগমারা প্রেসক্লাবের আহবায়ক আকবর আলী, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, হাবিবুর রহমান, ডিএম শাফি সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধিরা।


প্রকাশিত: October 30, 2024 | সময়: 5:16 am | সুমন শেখ