সর্বশেষ সংবাদ :

রাকাবের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ: দুঃসময়ের মধ্যেও রাকাব সুদৃঢ় আর্থিক ভিত্তির উপরে দাঁড়িয়ে

স্টাফ রিপোর্টার: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ বলেন, ব্যাংকিং সেক্টরের এই দুঃসময়ের মধ্যেও রাকাব সুদৃঢ় আর্থিক ভিত্তির উপরে দাঁড়িয়ে সফলতার সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দেশের খাদ্য উৎপাদন সংরক্ষণ এবং বিপণন খাতে ঋণ বিতরণ করে জিডিপি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পাশাপাশি ক্ষুদ্র কুঠির ও মাঝারি শিল্পের বিকাশে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ঋণ বিতরণ করে শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, নওগাঁ জোনের পারফরমেন্স পর্যালোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। বুধবার সকাল ১০টায় নওগাঁ শহরে একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এখন অতীতের যেকোনো সময়ের চাইতে সকল সূচকে ভালো করছে। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জনগোষ্ঠীর অধিক সংখ্যক জনগণকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসার মাধ্যমে গত ৩৭ বছরের লোকসান কাটিয়ে গত অর্থ বছরে তিন কোটি টাকা নীট মুনাফা অর্জন করেছে। চলতি অর্থবছরে ১০০ কোটি টাকা নিট মুনাফা অর্জন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাজশাহী বিভাগের মহাপরিচালক আতিকুল ইসলাম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রধান কার্যালয়ের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি) মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ। সভাপতিত্ব করেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক রুহুল আমিন। সহ আয়োজক ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক উত্তর (প্রস্তাবিত) জোনাল ব্যবস্থাপক আসাদুজ্জামান।
ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের কর্ম তৎপরতা ও উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে বিগত বছরে বিভিন্ন সূচকে ভালো করায় ৪০ জন কর্মকর্তাকে তাদের অবদানের স্বীকৃতি হিসেবে প্রশংসাপত্র প্রদান করা হয়।


প্রকাশিত: October 10, 2024 | সময়: 8:20 am | সুমন শেখ