মোহনপুরে ৪ মামলায় আ’লীগ নেতা এডভোকেট আব্দুস সালাম গ্রেপ্তার

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম (৬৬) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যার পর রাজশাহীর উপশহর নিউমার্কেট এলাকা থেকে থাকে আটক করা হয়। এডভোকেট আব্দুস সালাম উপজেলার মহিষকুন্ডি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।
পুলিশ জানায়, আটক এডভোকেট আব্দুস সালামের বিরুদ্ধে মোহনপুর থানায় চারটি মামলা তদন্তধীন রয়েছে।
এদিকে, এডভোকেট আব্দুস সালামকে আটকের পর উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা। এমনকি তার ফাঁসির দাবিতেও উপজেলা সদরে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ওসি জানান, মোহনপুর থানায় নাশকতা, ভাংচুরসহ চারটি মামলা রয়েছে এ্যাডভোকেট আব্দুস সালামের বিরুদ্ধে। মামলাগুলো তদন্ত চলছে। তদন্তের স্বার্থে তাকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে আসামীকে আদালতে চালান করা হয়েছে।


প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৪ | সময়: ৫:৪৮ পূর্বাহ্ণ | সুমন শেখ