সর্বশেষ সংবাদ :

রানীনগরে ছাত্রী নিখোঁজের ২১ দিন হলেও উদ্ধারে তৎপরতা নেই পুলিশের

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর রাণীনগরে নারগিছ বানু (২৮) নামের এক ছাত্রী বাড়ী থেকে ডাক্তারের উদ্দেশ্যে আবাদপুকুর বাজারে আসলেও প্রায় ২২ দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান পাওয়া যায় নি। হারিয়ে যাওয়া ছোট বোন নারগিছ বানু (২৮) কে পথে পথে খুজছেন বড় ভাই আব্দুল জলিলসহ তার পরিবার। এ বিষয়ে গত ৩ সেপ্টেম্বর রানীনগর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
জিডি দায়ের দায়ের করার ৯দিন পর বাড়ীতে খোজ খবর নিলেও আজ পর্যন্ত পুলিশ কোন সন্ধান করতে পারে নি নারগিছের। ছোট বোন নারগিছকে অনেক খোঁজাখুজির পর এখন পর্যন্ত না পাওয়ায় অনেকটাই পাগল প্রায় বড় ভাই আব্দুল জলিল, বৃদ্ধ মা ও অন্যান্য ভাইবোন।
উপজেলার একডালা ইউনিয়নের নারায়নপাড়া গ্রামের মৃত-তায়েজ উদ্দীনের ছেলে আব্দুল জলিল জানান, ৪ ভাই বোনের মধ্যে নারগিছ ৩য়। তার ছোট বোন নারগিছ গত ২৭ আগস্ট ডাক্তার দেখানোর জন্য আবাদপুকুর বাজারের চারমাথায় পল্লী চিকিৎসক শাহজাহান আলীর চেম্বারে যায়। চেম্বারে ভিড় থাকায় ডাক্তার তাকে বসতে বললে পাশের দোকান থেকে স্যালাইন আনতে যায় নারগিছ। তারপর সে আর ডাক্তারের চেম্বারেও যায় নি, বাড়ীতেও ফিরে নি। এরপর থেকে তার আর কোন খোঁজ নেই।
পরবর্তীতে আত্মীয় স্বজনের বাড়ীতে সহ অনেক জায়গায় খোঁজা-খুজি করেও এখন পর্যন্ত নারগিছের কোন সন্ধান পাওয়া যায়নি। নারগিছের গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি। বয়স ২৮ বছর। সে নওগাঁর নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসা থেকে টাইটেল পাশ করেছে। তার পরনে সালোয়ার কামিজের উপর কালো বোরখা ছিলো। তিনি আরও জানান, তার ছোট বোন নিখোজ হওয়ায় ধারনা করছেন, তার চাচাতো ভাইদের সাথে দীর্ঘদিন থেকে জমি-জমা নিয়ে বিরোধ ও মামলা চলে আসছে। তাদের দ্বারা কোন অঘটন ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন। এ ছাড়াও যদি কোন ব্যক্তি নারগিছের সন্ধান পান তাহলে ০১৭৬৭৬৪৬৭৪৫ নম্বরে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন আব্দুল জলিল।
এ ব্যাপারে পল্লী চিকিৎসক শাজাহানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, নারগিছ আমার নিয়মিত রোগী। আমার কাছে নারগিছ আসলে তাকে আমি বসলে বললে সে পাশের দোকান থেকে খাবার স্যালাইন কিনে আনার কথা বলে চলে যায় পওে আর ফিরে আসে নাই।
রানীনগর থানার তদন্তকারী কর্মকর্তা তাজু ইসলাম বলেন এই বিষয়ে পুলিশের অনুসন্ধানী কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


প্রকাশিত: September 18, 2024 | সময়: 6:55 am | সুমন শেখ

আরও খবর