সর্বশেষ সংবাদ :

পুলিশের উপর হামলার ঘটনায় মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা আটক

মোহনপুর প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবা বেগমকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর ৩ টার পর উপজেলা কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়। মোহনপুর থানার দায়িত্বরত মহিলা পুলিশ কনস্টেবল শান্তনা মহন্তের দায়ের করা মামলায় তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল হাবিবা বেগমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে গত ২২ শে জুলাই মামলার বাদিনী ও তার সহকর্মী সাথী রানী শিলের উপর হামলার ঘটনায় মামলাটি দায়ের করা হয়। যার মামলা নম্বর ২৬ তারিখ ২৫/০৭/২০২৪। ধারা ৩২৩/৩২৪/৩৫৪/৫০৬ (২) পেনাল কোড ১৮৬০।

 

পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবা বেগম উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিরোধী বিদ্বের্ষী। এর আগে মোহনপুর থানায় ২০১২ সালে ২ টি ও ২০২২ সালে ১ টি মামলা রয়েছে। সম্প্রতি গত মাসের ২৫ তারিখেও একটি জিডি এন্ট্রি হয়। এছাড়াও থানা পুলিশের সাথে হাতাহাতির একাধিক অভিযোগ রয়েছে নবনির্বাচিত এই মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে।

 

ওসি হরিদাস মন্ডল জানান, থানার দায়িত্বরত দুই মহিলা কনস্টেবলকে মারধর ও কামড় দিয়ে জখম করে মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম। এঘটনায় আহত কনস্টেবল শান্তনা মহন্ত বাদি হয়ে হাবিবার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে হাবিবা বেগমকে আটক করে আদালতে প্রেরণ করা হয়।

 

উল্লেখ্য, মোহনপুর থানা সংলগ্ন বাকশিমইল বাজারে বাজার করা অবস্থায় দুই মহিলা কনস্টেবলকে মারধর করে কামড়ে জখম করে হাবিবা বেগম। এরপর আহত দুই কনস্টেবলকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এর দুইদিন পর মহিলা পুলিশ কনস্টেবলের দায়ের করা মামলায় হাবিবা বেগমকে আটক করে আদালতে প্রেরণ করে পুলিশ।

সানশাইন / শামি


প্রকাশিত: July 25, 2024 | সময়: 6:38 pm | Daily Sunshine

আরও খবর