সর্বশেষ সংবাদ :

দারুণ জয় আবাহনীর, জয়ে ফিরল মোহামেডানও

স্পোর্টস ডেস্ক: আক্রমণে একচ্ছত্র আধিপত্য করল মোহামেডান। দুই অর্ধে পেল জালের দেখা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে চার ম্যাচ পর জয়ে ফিরল আলফাজ আহমেদের দল।
সপ্তদশ রাউন্ডের অন্য ম্যাচে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে আবাহনী তুলে নিয়েছে অভাবনীয় জয়। দুই গোলে পিছিয়ে থাকার পর শেষ দিকে স্টুয়ার্ট কর্নেলিয়াসের হ্যাটট্রিকে চট্টগ্রাম আবাহনীকে ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শনিবার শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ৩-১ গোলে হারায় মোহামেডান। সুলেমানে দিয়াবাতে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন এমানুয়েল সানডে। শেষ দিকে দিয়াবাতে ব্যবধান আরও বাড়ান।
৩৬তম মিনিটে আরিফ হোসেনের পাস ধরে ডান দিক দিয়ে কোনাকুনি বুলেট শটে জাল খুঁজে নেন মালির ফরোয়ার্ড দিয়াবাতে। মেহেদী হাসান প্রিতম এক হাতে আটকানোর চেষ্টা করলেও পাননি বলের নাগাল। মোহামেডান ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় দুই বিদেশির দারুণ বোঝাপড়ায়। ডান দিকের বাইলাইনের একটু ওপর থেকে বক্সে কাটব্যাক করেন দিয়াবাতে, নিখুঁত প্লেসিং শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন সানডে।
শেষ দিকে সতীর্থের পাস ধরে আগুয়ান গোলরক্ষককের পাশ দিয়ে বল জালে জড়িয়ে ম্যাচ শেষ করে দেন দিয়াবাতে। লিগে মালির এই ফরোয়ার্ডের গোল হলো ১৭টি। শেষ দিকে শোকরুকবেক খোলমাতোভ স্পট কিক থেকে যা একটু ব্যবধান কমান। মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ৩-২ গোলে হারায় আবাহনী। মান্নাফ রাব্বী ২০তম মিনিটে বন্দর নগরীর দলটিকে এগিয়ে নেওয়ার পর ৬৭তম মিনিটে রিয়াজ উদ্দিন সাগর ব্যবধান দ্বিগুণ করেন।
দুই গোলের ধাক্কা সামলে আবাহনী জ্বলে ওঠে শেষ দিকে। ৮০ থেকে ৯০ মিনিট- এই সময়ের মধ্যে কর্নেলিয়াসের জোড়া গোলে সমতায় ফিরে তারা। এরপর, যোগ করা সময়ে হ্যাটট্রিক পূরণ করেন কর্নেলিয়াস, অসাধারণ জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অবশ্য জমজমাট লড়াই হয়েছে। শেখ রাসেল ক্রীড়া চক্রের ঘাম ছুটিয়ে দিয়ে ৩-২ গোলে হেরেছে লিগ টেবিলের তলানির দল ব্রাদার্স ইউনিয়ন।
এলিটা কিংসলের ষষ্ঠ মিনিটের গোলে শুরুটা দারুণ করেছিল ব্রাদার্স। কিন্তু ৯ থেকে ১১-এই তিন মিনিটের মধ্যে সুমন রেজা সমতা ফেরানোর পর আহরোর উমারজানোভের লক্ষ্যভেদে এগিয়ে যায় শেখ রাসেল। অষ্টাদশ মিনিটে কিংসলের গোলে সমতা ফেরে ব্রাদার্স। তবে দলটি দ্রুতই ফের হজম করে বসে গোল। ৩১তম মিনিটে চন্দন রায় ফের এগিয়ে নেন শেখ রাসেলকে। এই ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ২০১২-১৩ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা।
১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে আবাহনী। ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে শেখ রাসেল। এই তিন দলের হাতে আছে একটি করে ম্যাচ।আগেই লিগ শিরোপা ঘরে তোলা বসুন্ধরা কিংসের পয়েন্ট ৪২।


প্রকাশিত: মে ২৬, ২০২৪ | সময়: ৪:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ