সর্বশেষ সংবাদ :

রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ গাঁজাসহ ৫ কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাতে রাজশাহী র‌্যাবের সদস্যরা নগরীর রাজপাড়া থানার বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাজার চালানসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগর ৮০ হাজার টাকাও উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, নগরীর সিপাইপাড়া এলাকার শামসুল রানার ছেলে সাজ্জাদুর ইসলাম শাওন (৩০), উপশহর এলাকার জগদীশ সরকারের ছেলে রাজীব সরকার (৩২), লক্ষ্মীপুর বাগানপাড়া এলাকার মৃত মুক্তারের ছেলে রাজন রবি দাশ (২২), উপশহর নিউমার্কেট এলাকার চান মিয়ার ছেলে পল্লব (২০) ও কাজিহাটা এলাকার জয়নুল আবেদিনের ছেলে আশিকুর রহমান (২০)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নগরীর রাজপাড়া থানার বাগানপাড়া এলাকার অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ৫ জনকে আটক করা হয়। পরে একটি বাড়িতে তল্লাশী চালিয়ে ১২ কেজি ৩শ’ গ্রাম গাজা উদ্ধার হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে তারা দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির সঙ্গে জড়িত। রাতেই তাদের রাজপাড়া থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: August 18, 2023 | সময়: 5:13 am | সুমন শেখ