বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় ৩৭ গ্রাম হেরোইন এবং ১৫০ পিচ ইয়াবা সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০ টার দিকে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক সীমা বেগম ও তার স্বামী হোসেন আলী উপজেলার চকছাতারী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, সীমা খাতুনের সিরাজগঞ্জ সদরের গারুদহ গ্রামের মৃত সোবাহান শেখের ছেলের সাথে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বামী হোসেন আলীকে বাঘা উপজেলার চকছাতারী গ্রামে সীমার পিতা সুলতান আলীর বাড়িতে নিয়ে আসে। এরপর থেকে তারা স্বামী-স্ত্রী সু-কৌশলে মাদক ব্যবসা শুরু করে। তাদের উভয়ের নামে বাঘা থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ তাদের ৩৭ গ্রাম হেরোইন ও ১৫০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আবদুল করিম জানান, স্বামী-স্ত্রী দীর্ঘদিন থেকে সু-কৌশলে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা ও হেরোইনের ব্যবসা করে আসছিল। এর আগেও তাদের আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
জামিনে এসে ফের তারা একই ব্যবসা শুরু করেছে। মঙ্গলবার রাতে সোর্স নিয়োগ করে তাদের আটক করা হয়। বুধবার সকালে তাদের দুজনকে আদালতে প্রেরণ করা হয়।