, , ।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় অস্ত্র ও মাদকসহ মোহাম্মদ আলী (৩৭) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
রোববার সকাল ১০টার দিকে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এরআগে শনিবার রাতে নওগাঁ সদর উপজেলার সাহাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোহাম্মদ আলী সদর উপজেলার দোগাছী গ্রামের ইসমাইল প্রামাণিকের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদরের সাহাপুর এলাকায় র্যাব ৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানী অধিনায়ক মেজর মোস্তফা জামান এবং আর্টিলারি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
এসময় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মোহাম্মদ আলী নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২০ গ্রাম হিরোইন, চার পুরিয়া গাঁজা, ২টি সুইচ ছুরি, ১টি রামদা, ১টি ব্যাটন, ২টি কাটার এবং ১০টি লাইটার উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মোহাম্মদ আলী সাহাপুর এলাকার একজন কুখ্যাত সন্ত্রাসী। সে অবৈধ অস্ত্র ব্যবহার করে স্থানীয় লোকজনের ওপর তার আধিপত্য বিস্তার করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে র্যাব। গ্রেফতারের পর তাকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়সাল বিন আহসান বলেন, র্যাবের পক্ষ থেকে থাকায় অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতার আসামীকে বেলা ১১টায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।