, , ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পবা উপজেলার আশরাফের মোড়ে পবা উপজেলা যুবদল এই সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এবং পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মিলন বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় যুবদলের ভূমিকা ঐতিহাসিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, তা দেশের যুবসমাজের কাছে অনুকরণীয় আদর্শ। তিনি বলেন, ‘জিয়াউর রহমানকে মাইনাস করা হলে বিএনপিকে মাইনাস করা হবে’ এমন ধারণা সম্পূর্ণ ভুল।
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের প্রশংসা করে বলেন, তিনি কোনো স্বার্থ বা মুনাফার জন্য নয়, বরং দেশের জনগণের জন্য রাজনীতি করেন। দেশের মানুষ খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করে তাঁকে গভীরভাবে শ্রদ্ধা করে। যুবদলের নেতাকর্মীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সব ধরনের ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
নিজ নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এমপি মিলন বলেন, জনগণের দেওয়া পবিত্র আমানত রক্ষায় তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। বিএনপির ৩১ দফা দাবি পূরণের মাধ্যমে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, আগামীতে বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের সহায়তা এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, ইমরান আলী সরকার, কবির হোসেন ও মিজানুর রহমান মিনুর মতো নেতাদের দেখানো পথ ধরে আমরা এগিয়ে যেতে চাই এবং দেশের মানুষকে নতুন করে জাগিয়ে তুলতে চাই।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা ওড়ানোর মধ্য দিয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা করা হয়।
পবা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানার সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুল রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, জেলা যুবদলের সাবেক সদস্য মাজদার হোসেন, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম, হাবিবুর রহমান হাবিব ও আসাদুজ্জামান বাবু।
এছাড়া সভায় বিএনপি, যুবদল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।