, , ।
পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবির আয়মারসুলপুর ইউনিয়ন মালিদহ গ্রামে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজিজুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদি হয়ে পাঁচবিবি থানায় এজাহার দায়ের করলে পুলিশ অভিযুক্ত আজিজুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। মঙ্গলবার সকালে উপজেলার মালিদহ গ্রামে ঘটনাটি ঘটে।
আজিজুল (৩২) মালিদহ গ্রামের ছলিম উদ্দীনের ছেলে।
মামলার এজাহারে জানা যায়, সকালে অভিযুক্ত আজিজুলের নিজের সাত বছর বয়সের মেয়ের সঙ্গে খেলছিল শিশুটি। এ সময় লম্পট আজিজুল নিজের মেয়েকে দোকানে পাঠিয়ে শিশুটিকে কৌশলে ঘরে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন। এক সময় শিশুটি চিৎকার করে ঘর থেকে পালিয়ে বাড়ি যায়। পরে শিশুটি তার মা ও স্থানীয় লোকজন জানায়। আজিজুলের কাছ থেকে বিষয়টি জানতে চাইলে সে কোনো উত্তর না দিয়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ তাকে থানা হেফাজতে নেয়। শিশুটির মা তার বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। ভুক্তভোগীর পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, এঘটনায় শিশুটির মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।