, , ।
সানশাইন ডেস্ক: শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের নেতৃত্বে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪১ জেলেকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রায় আড়াই লাখ মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ।
সোমবার ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাজিরা উপজেলার পদ্মা নদীতে এ অভিযান চালানো হয়। বাবুরচর এলাকায় অভিযান পরিচালনার সময় জেলেরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ৮ অক্টোবর মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরুর পর জাজিরা উপজেলার বাবুরচর, সিডারচর, বিলাসপুর, পালেরচর ও নাওডোবাসহ কয়েকটি এলাকায় প্রকাশ্যে ইলিশ কেনাবেচার অভিযোগ ওঠে। বারবার অভিযান চালিয়েও ইলিশ শিকার ও কেনাবেচা বন্ধ করতে পারছিল না প্রশাসন।
অভিযানে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। বাবুরচরের দুর্গম পদ্মার চরে অভিযান চলাকালে জেলেরা ইটপাটকেল নিক্ষেপ করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যকে মারধর করে বলে অভিযোগ ওঠে। এতে উত্তেজনার সৃষ্টি হলে অভিযানে থাকা সদস্যরা নদীর পাড়ে অবস্থান নেন।
পরে সেনাবাহিনীর একটি দল ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান জোরদার করলে জেলেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের ঘিরে ফেলে ৪১ জনকে আটক করে। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, ‘আজ সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের নেতৃত্বে পদ্মা নদীতে অভিযান চলাকালে জেলেরা হামলা করে। এ সময় ৪১ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত চলছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, আজ ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম স্যারের নেতৃত্বে জাজিরা উপজেলার পদ্মা নদীতে অভিযান চালানো হয়। বাবুরচর এলাকায় অভিযান চলাকালে জেলেরা হামলা চালায়। এ সময় ৪১ জনকে আটক করা হয়। এ ছাড়া আড়াই লাখ মিটার জাল ও ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম বলেন, অভিযানকালে জেলেরা হামলা করেছিল। অভিযান প্রতিহত করতেই তারা হামলা চালানোর চেষ্টা করে। পরে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।