, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, এদেশের সবচেয়ে বড় সমস্যা হলো অসৎ ও দুর্নীতিপরায়ণ নেতৃত্ব। তাই দেশকে গড়তে হলে সৎ, দক্ষ ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব গড়ে তুলতে হবে। বাংলাদেশের ইতিহাসে যত শিক্ষা কমিশন, যত শিক্ষানীতি দেয়া হয়েছে সেগুলোর কোনটাই আমাদের সন্তানদের গড়ার জন্য কার্য্যকর ভুমিকা রাখতে পারেনি।
স্বাধীনতার পর থেকে সরকার আসে, সরকার যায় কিন্তু একজন ছাত্রের ভাল মানুষ হয়ে উঠার জন্য, দক্ষ মানুষ হওয়ার মতো যথাযথ শিক্ষানীতি কোন সরকারই দেয়নি। এসব কারণে দেশে শিক্ষিতের হার বাড়ার সাথে বেকারত্বের হারও বেড়ে চলেছে।
তিনি বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। ছাত্রশিবিরের কলেজ সভাপতি সুমন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি মুজাহিদ ফয়সাল, নাটোর জেলা সভাপতি আবু সাঈদ রনি, বড়াইগ্রাম উপজেলা সভাপতি হাসিবুল ইসলাম ও গুরুদাসপুর উপজেলা সভাপতি আশিকুজ্জামান আকাশ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি নবাগত শিক্ষার্থীদের হাতে ফুল ও উপহার সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, শিক্ষার মুল উদ্দেশ্য হওয়া দরকার দক্ষতা ও নৈতিকতা অর্জন। কিন্তু সেটা হচ্ছে না। মুসলিম জাতির ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। ইউরোপের মানুষের অনেক আগে মুসলমানদের ছিল সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়, লাইব্রেরি আর আবিষ্কারের ইতিহাস। কিন্তু এখন লেখাপড়া না করায় আমরা পিছিয়ে পড়েছি।