সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৪৫) নামে ব্র্যাকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ব্র্যাকের দাশুড়িয়া শাখায় সিনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (এসসিডিও) হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজশাহী জেলার বাঘমারা উপজেলার তেবাড়িয়া গ্রামের আব্দুল হকের ছেলে।
চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে দাশুড়িয়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পাকশী হাইওয়ে থানার এস আই আবুল কালাম আজাদ জানান, সকালে আনোয়ার হোসেন মোটর সাইকেল নিয়ে মাঠ পর্যায়ে কাজে বের হন। দাশুড়িয়া মোকারাম মেমোরিয়াল উচ্চ বিদ্রালয়ের সামনে পৌঁছালে পাবনা থেকে আসা একটি দ্রুতগামী বাস পেছন থেকে তার মোটর সাইকেলে ধাক্কা দেয়। সে সময় তিনি ছিটকে পড়ে বাসের নিচে চাপা পড়েন এবং বাসটি তাকে বেশ কিছুদূর টেনে হিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় দাশুড়িয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


প্রকাশিত: September 23, 2026 | সময়: 5:08 am | সুমন শেখ

আরও খবর