, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে প্রবাসী প্রেমিকের প্রতি অভিমানে সিনথিয়া রহমান কাজল (১৯) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত কাজল উপজেলার কালিকাপুর মহল্লার মৃত মিজানুর রহমানের ছোট মেয়ে। তিনি কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন বলে জানা গেছে।
নিহতের স্বজনও স্থানীয়রা জানান, চীন প্রবাসী এক যুবকের সাথে কাজলের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন পরে ওই যুবক দেশে ফিরলে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার রাতে মোবাইল ফোনে কোন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তিনি নিজ ঘরে দরজা বন্ধ করে দেন। বৃহস্পতিবার সকালে কাজল ঘর থেকে বের না হওয়ায় ডাকাডাকি করেও কোন সাড়া পাওয়া যায়নি। পরে দরজার ফাঁক দিয়ে তাকে জানালার গ্রিলের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।