সর্বশেষ সংবাদ :

এসএসসি পুনঃনিরীক্ষণ নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান রাজশাহী শিক্ষা বোর্ডের

স্টাফ রিপোর্টার: চলতি বছর এসএসসি পরীক্ষাএর ফল পুনঃনিরীক্ষণ কার্যক্রম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘ভিত্তিহীন সংবাদে’ বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী।
বুধবার রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশের পর পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়ায় প্রচলিত বিধি ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ফল পুনঃনিরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে পুনঃনিরীক্ষণ কার্যক্রম নিয়ে বিভিন্ন ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে, বিষয়টি বোর্ড কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।
বোর্ড জানায়, রাজশাহী শিক্ষা বোর্ড একটি গুরুত্বপূর্ণ ও জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। নির্ধারিত সময়ের বাধ্যবাধকতা থাকা এবং আবেদনের সংখ্যা তুলনামূলকভাবে বেশি হওয়ায় শিক্ষাবর্ষের কথা বিবেচনা করে পরীক্ষাসংক্রান্ত, উত্তরপত্র পুনঃনিরীক্ষণসহ জরুরি প্রশাসনিক কার্যক্রম প্রয়োজনবোধে অফিস সময়ের পরও অব্যাহত রাখা হয়। নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করার স্বার্থে রাতের বেলায়ও বোর্ডের অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের ফলাফল অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়। কোনো শিক্ষার্থী যেন ভুল মূল্যায়নের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, বিষয়টি নিশ্চিত করাই বোর্ডের অন্যতম প্রধান দায়িত্ব। সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও বস্তুনিষ্ঠ অনুসন্ধানের প্রতি সম্মান জানিয়ে বোর্ড বলেছে, শিক্ষা-সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের জন্য সাংবাদিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে। একই সঙ্গে রাতের বেলায় চলমান জরুরি ও রুটিনভিত্তিক প্রশাসনিক কার্যক্রম নিয়ে কোনো বিষয়ে অনুমাননির্ভর বা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ড শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সর্বসাধারণকে কোনো ধরনের গুজব বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হওয়ার জন্যও অনুরোধ জানিয়েছে।


প্রকাশিত: September 10, 2026 | সময়: 4:25 am | সুমন শেখ

আরও খবর