সর্বশেষ সংবাদ :

রাবি বিএনসিসির র‌্যাংক ব্যাজ প্রদান অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বিএনসিসি বিমান শাখার ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও)-এর র‌্যাংক ব্যাজ প্রদান বুধবার বিকেলে প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ উপস্থিত ছিলেন। উপাচার্য পদোন্নতিপ্রাপ্ত সিইউও তাসমীম রশিদ অপর্ণা (গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ)-কে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। বিমান শাখায় এই প্রথম একজন নারী ক্যাডেট সিইউও র‌্যাংক ব্যাজে ভূষিত হলেন।
অনুষ্ঠানে উপাচার্য তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, রাবিতে বিভিন্ন স্বেচ্ছামূলক কর্মকাণ্ডে, বিশেষ করে ভর্তি পরীক্ষা, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসসহ অন্যান্য অনুষ্ঠানে বিএনসিসি ক্যাডেটরা যে সহায়তা প্রদান করে তা প্রশংসনীয়। আগামীতেও তাদের ইতিবাচক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপ-উপাচার্য (প্রশাসন) তাঁর বক্তব্যে লেখাপড়ার পাশাপাশি সমাজ ও দেশ গঠনমূলক কর্মকাণ্ডে বিএনসিসি ক্যাডেটদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগবে বলে তিনি উল্লেখ করেন।
উপ-উপাচার্য (শিক্ষা) তাঁর বক্তব্যে বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন জরুরি সেবার প্রয়োজনে বিএনসিসি ক্যাডেটরা যে স্বেচ্ছাসেবা প্রদান করে তা দৃষ্টান্তমূলক। এজন্য তিনি তাদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, রাবি বিএনসিসি চীফ কো-অর্ডিনেটিং অফিসার ও বিমান শাখার প্রফেসর আন্ডার অফিসার প্রফেসর বিমল কুমার প্রামানিকসহ সংশ্লিষ্ট ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: September 10, 2026 | সময়: 4:21 am | সুমন শেখ

আরও খবর