সর্বশেষ সংবাদ :

ধনবাড়িতে শিশু শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ, ধর্ষকের ফাঁসির দাবি

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে দ্বিতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আব্দুল খালেক(৫৫) কে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকালে ধনবাড়ী উপজেলা পরিষদ চত্বরের সামনে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাড়কে ভূমিহীন সমিতি ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন অংশ নেয়।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করে বক্তব্যে বলেন, উপজেলার পাইস্কা ইউনিয়নের বনিচন্দ্রবাড়ী গ্রামের দ্বিতীয় শ্রেণির শিশু মাদ্রাসা শিক্ষার্থীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। এ থানায় শিশুটির পরিবার লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্তও আসামীকে তারা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাই এ ঘটনায় অভিযুক্ত আব্দুল খালেকের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, শিশুটিকে ১০ টাকা দেওয়ার পাশাপাশি আরও টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়। পরে তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্তধর্ষক আব্দুল খালেক (৫৫)।
মানববন্ধনে বক্তারা বলেন, কোমলমতি শিশুর সঙ্গে এমন ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা অভিযুক্ত আব্দুল খালেকের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখ্য, গত বুধবার ২ সেপ্টেম্বর শিশুটি ধর্ষণের শিকার হয়। এঘটনায় স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যাক্তিরা গোপনে বিষয়টি ধামাচাপ দেওয়ার চেষ্টা করে ব্যার্থ হওয়ায়। গত শনিবার ৫ সেপ্টেম্বর শিশুটির বাবা রুবেল মিয়া বাদী হয়ে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। শিশুটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামী গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে। আশা করা যাচ্ছে খুব দ্রুতই আসামী ধরা পড়বে।


প্রকাশিত: September 9, 2026 | সময়: 4:33 am | সুমন শেখ