, , ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজের আগমন উপলক্ষে শিবগঞ্জে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২২ মে বিকেল ৪টায় শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক।
সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক) ড. সাইমুম পারভেজ।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, পরিবেশ সংরক্ষণ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে ড. সাইমুম পারভেজ বলেন, ‘দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।’
তিনি আরও বলেন, ‘তরুণ সমাজকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে এবং জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল বাসার ও উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ড. সাইমুম পারভেজ আরও বলেন, গত সংসদ নির্বাচনে বিএনপির ঘাঁটি খ্যাত চাঁপাইনবাবগঞ্জের সবগুলো আসন হারানোর কারণগুলো খুঁজে বের করতে হবে তৃণমূল নেতাকর্মী এবং সাধারণ জনগণের সাথে আন্তরিকভাবে আমাদের মিশতে হবে এবং নারীদের যথাযথ মূল্যায়ন ও সম্মান করতে হবে সর্বোপরি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করতে হবে।
জামাতের সমালোচনা করে তিনি আরো বলেন নির্বাচনের আগে জামাত কৃষি, ফ্যামিলি কার্ড এসব নিয়ে মশকরা করলেও এখন তারা বিএনপির মন্ত্রীদের কাছে ধরনা দিচ্ছে এবং তাদের সাথে ছবি তুলতে ব্যকুল হয়ে উঠেছে। তাদের উচিত বিএনপির দেশগড়ার উদ্যোগ গুলোকে স্বাগত জানানো এবং কৃতজ্ঞতা প্রকাশ করা।
সভায আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম প্রমুখ।
এ সময় উপজেলা যুব দলের যুগ্ম-আহ্বায়ক আলি আহমেদ বাবু, পৌর বিএনপির সদস্য সচিব বলমগীর কবির জুশেলসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির দলীয় নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।