, , ।
স্টাফ রিপোর্টার: অতিবৃষ্টিতে মাটির ঘরের দেওয়াল ধ্বসে পড়ায় পরিবার নিয়ে মানবতার জীবন যাপন করছে আরজিয়া বেওয়া।
রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার পাইকপাড়া গ্রামে আরজিয়া বেওয়ার পুরাতন মাটির দেওয়াল বাড়িতে দুই ছেলে ও তাদের পরিবার নিয়ে বসবাস। উপরে ছিল টিনের ছাউনি। সেগুলিও পুরাতন জং ধরা। রোববার দিবাগত রাত সোমবার অতি বৃষ্টিতে তাদের বসবাসের মাটির ঘরের নিচের অংশ হঠাৎ দেবে যায় এবং দেওয়াল ভেঙ্গে পড়ে। তবে পরিবারের সদস্যদের ক্ষতি হয়নি। মাটির ঘরের পুরো বাড়িতেই দেওয়ালে ফাটল ধরেছে। যে কোন সময় পুরো বাড়িটিই ভেঙ্গে পড়তে পারে। তারপরও বসবাসের কোন জায়গা না থাকায় ভাঙ্গা মাটির দেওয়ালের পাশেই কোনরকমে চরম ঝুঁকি নিয়ে বসবাস করছেন তারা।
আরজিয়া বেওয়া বলেন, ‘আমি গরীব মানুষ। অনেকদিন আগে আমার স্বামী আজাহার আলী মারা যায়। বিধবা ভাতার জন্য অনেককে অনুরোধ করেছি। সবায় বলে দিব দিছি-কিন্তু করে দেয় না। এমনিতেই অনেক সময় না খেয়ে থাকতে হয়। তারপরে বাড়িটা ভেঙে গেছে। এখন বেঁেচ থাকার জন্য রাস্তায় নামতে হয় নাকি কে জানে। অবস্থা এমন যে মাটি গুলো সরিয়ে টিনগুলো আলাদা করার মত টাকাও আমাদের কাছে নাই। তাই ছেলেরা নিজেরাই কাজ করছে। কিন্তু এ অভ্যাস না থাকায় পারছে না’।
পেশায় কৃষিশ্রমিক আরজিয়া বেওয়ার ছেলে রিয়াজ উদ্দিন বলেন, তিনি একজন কৃষিশ্রমিক। জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। তার সামান্য আয়ের উপর নির্ভর করে চলে তাদের সংসার। তার মা-ভাই স্ত্রী সন্তান নিয়ে সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হয়। তার মাটির দেওয়ালের ঘর ভেঙ্গে পড়া এ যেন মরার উপর খাঁড়ার ঘা। মেরামত করার মত অর্থ তাদের কাছে নেই। তাই সে স্থানীয় প্রশাসন বা কোন সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।