, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে লাইনচ্যুত হওয়া ঢালারচর এক্সপ্রেস ট্রেনের একটি বগি ৩ ঘণ্টা পর উদ্ধারের ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে রাজশাহীর হরিয়ান রেলস্টেশনের অদূরে ঢালারচর এক্সপ্রেসের ‘ট’ নম্বর বগি লাইনচ্যুত হয়। পরে দুপুর দেড়টার দিকে পাবনার ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুপুর ২টা ২০ মিনিটের দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। বিকেল ৩টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। জানা গেছে, উদ্ধারের পর লাইনচ্যুত বগিটি রিলিফ ট্রেনে করে হরিয়ান স্টেশনে নেওয়া হয়। বগিটি চলাচলের অনুপযোগী হওয়ায় সেটি সেখানেই রাখা হবে। বাকি বগিগুলো নিয়ে ঢালারচর এক্সপ্রেস হরিয়ান স্টেশন থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে গেছে। পরে ট্রেনটি রাজশাহী থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়েছে।
এদিন পাবনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস হরিয়ান রেলগেট এলাকায় পৌঁছালে ট্রেনটির ‘ট’ নম্বর বগির একটি যন্ত্রাংশ ভেঙে পড়ে। চলন্ত অবস্থায় ট্রেনটি প্রায় পৌনে এক কিলোমিটার দূরে গিয়ে থামে। এ সময় বগি থেকে ধোঁয়া বের হতে দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নেমে পড়েন। এ ঘটনায় রাজশাহী রেলওয়ে স্টেশন ছাড়াও সারদাহ, নন্দনগাছী ও আড়ানী স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে। ঘটনাস্থলে থাকা রেলওয়ের কর্মীরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এর আগে নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় সকাল ৬টা থেকে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় ২ ঘণ্টা বিচ্ছিন্ন ছিল।