সর্বশেষ সংবাদ :

ডোপ টেস্টে পজিটিভ, ১৫ মাস নিষিদ্ধ আসিফ খান

স্পোর্টস ডেস্ক: নিষিদ্ধ অ্যানাবলিক স্টেরয়েড গ্রহণের দায়ে ১৫ মাসের বড় নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার আসিফ খান। গত বছর পরিচালিত এক ডোপ টেস্টে পজিটিভ হন পাকিস্তানি বংশোদ্ভূত এই অভিজ্ঞ ক্রিকেটার।
গত বছরের ৮ সেপ্টেম্বর আসিফের শরীর থেকে সংগৃহীত নমুনায় ‘মেস্টেরোলোন’-এর বিপাকীয় উপাদানের উপস্থিতি শনাক্ত হয়। মেস্টেরোলোন মূলত এমন একটি অ্যানাবলিক স্টেরয়েড, যা মানবদেহে টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে কাজ করে।
আইসিসির অ্যান্টি-ডোপিং কোডের ২.১ ধারা লঙ্ঘনের অভিযোগ স্বীকার করে নিয়েছেন ৩৬ বছর বয়সী আসিফ খান। ফলে বিশ্ব ডোপবিরোধী সংস্থা (ওয়াডা) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে একটি কেস রেজোলিউশন চুক্তির মাধ্যমে তিনি এই শাস্তি মেনে নেন।
এক বিবৃতিতে আইসিসি বিষয়টি নিশ্চিত করে জানায়, ‘৩৬ বছর বয়সী এই ব্যাটার আইসিসি অ্যান্টি-ডোপিং কোডের ২.১ ধারা লঙ্ঘনের কথা স্বীকার করেছেন এবং ওয়াডা ও আইসিসির সঙ্গে কেস রেজোলিউশন চুক্তির মাধ্যমে এই শাস্তি মেনে নিয়েছেন।
আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, এই নিষেধাজ্ঞা কার্যকর ধরা হয়েছে গত বছরের ৮ সেপ্টেম্বর থেকে এবং তা বলবৎ থাকবে চলতি ২০২৬ সালের ৭ ডিসেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত মেয়াদের আগেই অর্থাৎ আগামী ৮ অক্টোবর থেকে তিনি কোনো দলের সঙ্গে অনুশীলন কিংবা ক্লাব ও আইসিসির সদস্য প্রতিষ্ঠানের অবকাঠামোগত সুযোগ-সুবিধা ব্যবহারের অনুমতি পাবেন। যদিও প্রতিযোগিতামূলক ক্রিকেটে তিনি ফিরতে পারবেন আগামী ৮ ডিসেম্বর থেকে।
এ প্রসঙ্গে আইসিসির বিবৃতিতে আরও বলা হয়, ‘৮ অক্টোবর থেকে কোনো দলের সঙ্গে অনুশীলন কিংবা ক্লাব বা আইসিসির অন্য কোনো সদস্য প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবেন আসিফ। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে তিনি কেবল ৮ ডিসেম্বর থেকে ফিরতে পারবেন।’
এছাড়া গত বছরের ৮ সেপ্টেম্বর থেকে ২৯ ডিসেম্বর সাময়িক নিষেধাজ্ঞা জারির মধ্যবর্তী সময়ে আসিফের অর্জিত ব্যক্তিগত সব রেকর্ড ও ফলাফল বাতিল ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিবৃতিতে জানানো হয়েছে, ‘পদক, পয়েন্ট, প্রাইজমানি বা পুরস্কার হারানোর মতো বিষয়সহ এর সঙ্গে সম্পর্কিত সব পরিণতিই এর অন্তর্ভুক্ত থাকবে।’
পাকিস্তানে জন্মগ্রহণ করা আসিফ ২০১৭ সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান। ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আমিরাতের জার্সিতে এখন পর্যন্ত ৩৮টি ওয়ানডে ও ৫৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এর আগে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ৩২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে এই ডানহাতি ব্যাটারের।


প্রকাশিত: August 28, 2026 | সময়: 3:59 am | সুমন শেখ