সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদীতে বিএনপি’র কমিটি বাতিলের দাবি : ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে সংবাদ সম্মেলন

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে দুই দফায় বিক্ষোভ সমাবেশ ও ঝাঁড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ঈশ্বরদী শহরের রেলগেট জিরো পয়েন্ট চত্বর থেকে বিক্ষোভ ও ঝাঁড়ু মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঘোষিত কমিটি বাতিলের আল্টিমেটাম দিয়ে খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে জনাকীর্ণ সংবাদ সম্মেলন করেন বিএনপির নেতাকর্মীরা।
তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটি স্থগিত করে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। দীর্ঘদিন ধরে যারা পতিত ফ্যাসিষ্ট শেখ হাসিনা বিরোধী রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, হামলা-মামলা ও কারাবরণের শিকার হয়েছেন, তাদের মতামতকে গুরুত্ব দিয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া নিতে হবে। অপর দিকে গত রোববার রাতেও একই দাবিতে ঈশ্বরদী শহরে বিক্ষোভ ও ঝাঁড়ু মিছিল করে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
জানা গেছে, গত শনিবার ২২ আগষ্ট গভীর রাতে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি’র আংশিক আহ্বায়ক কমিটি ঘোষনা করে পাবনা জেলা বিএনপি। সেখানে ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক পদে জিয়াউল ইসলাম সন্টু সরদার ও সদস্য সচিব করা হয় শরিফুল ইসলাম তুহিনকে।
এছাড়াও ঈশ্বরদী পৌর বিএনপিতে মাহবুবুর রহমান পলাশকে আহবায়ক ও ইমরুল কায়েস সুমনকে সদস্য সচিব ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই ঈশ্বরদী জুরে তীব্র ক্ষোভ আর অসন্তোষ দেখা দেয়। কমিটিতে দলের প্রকৃত ত্যাগীদের বাদ দিয়েই সুবিধাবাদীদের মূল্যায়ন করা হয়েছে মর্মে অভিযোগ তুলে গত রোববার রাতে এবং মঙ্গলবার বিকালে ঈশ্বরদী শহরে বিএনপির বৃহৎ একটি অংশের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও ঝাঁড়ু মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন দলের নেতাকর্মীরা। পরে কুশপত্তলিকা দাহ করেন বিএনপির বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।
মিছিলের নেতৃত্ব দেন বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল, বিষ্টু কুমার সরকার, আনোয়ার হোসেন জনি, খোন্দকার আমিরুল ইসলাম, সাহাব উদ্দিন সেন্টু সরদার, মরিুল ইসলাম টুটুল সরদার, জাহাঙ্গীর হোসেন, নান্নু রহমান, ইলিয়াস হোসেন খাঁন এলবাস, মনিরুল ইসলাম সাবু, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, স্বেচ্ছাসেবকদল নেতা মাহামুদুর রহমান ফুল জুয়েল, আওয়াল কবীর, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান বিটু, নাজমুল হাসান রিসাদ, মাহমুদুল ইসলাম শাওন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সে সময় বিভিন্ন পর্যায়ের প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা অভিযোগ করেন, বিগত ১৭ বছর ঈশ্বরদীতে পতিত ফ্যাসিষ্ট আওয়ামী লীগের বিরুদ্ধে দূর্বার আন্দোলন সংগ্রাম করে যারা বিএনপিকে টিকিয়ে রেখেছিল তাদের বাদ দিয়েই বিএনপি নেতা হত্যা মামলার ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত আসামী শরিফুল ইসলাম তুহিন, মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী মাহাবুবুর রহমান পলাশ এবং ব্যাংকের টাকা আত্মসাৎকারী ইমরুল কায়েস সুমনকে দিয়ে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে। যা কোন ভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিতর্কিত ও অগ্রহনযোগ্য ওই কমিটি বাতিলের দাবি জানান তারা।
ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনি বলেন, বিএনপির পরীক্ষিত ও কারানির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে এক পক্ষকে সাথে নিয়ে রাতের আঁধারে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ঈশ্বরদীর বিএনপির নেতাকর্মীরা মানে না। অবিলম্বে এই কমিটি বাতিলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. ওুহুল কবীর রিজভী আহমেদ এর কাছে লিখিত আকারে অভিযোগ দায়ের করা হবে।


প্রকাশিত: August 26, 2026 | সময়: 5:02 am | সুমন শেখ