, , ।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাজশাহী সফর ঘিরে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন রাজশাহীবাসী। তাঁর সফর সফল করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
শনিবার প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় (মাদ্রাসা মাঠ) পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরে তিনি রাজশাহী ধর্মসভাসহ সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাজশাহী সফরকে কেন্দ্র করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে বিভাগীয় শহরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে আসছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁকে স্বাগত জানাতে এবং সফর সফল করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সহসভাপতি ওয়ালিউল হক রানা, চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি এবং মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক মিলনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।