সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদীতে বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও ঝাঁড়ু মিছিল

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও ঝাঁড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত ৮টার সময় ঈশ্বরদী শহরের রেলগেট জিরো পয়েন্ট চত্বর থেকে বিক্ষোভ ও ঝাঁড়ু মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে গত শনিবার ২২ আগষ্ট গভীর রাতে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে পাবনা জেলা বিএনপি। সেখানে ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক পদে জিয়াউল ইসলাম সন্টু সরদার ও সদস্য সচিব করা হয় শরিফুল ইসলাম তুহিনকে।
এছাড়াও ঈশ্বরদী পৌর বিএনপিতে মাহবুবুর রহমান পলাশকে আহবায়ক ও ইমরুল কায়েস সুমনকে সদস্য সচিব ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই ঈশ্বরদী জুড়ে তীব্র ক্ষোভ আর অসন্তোষ দেখা দেয়। কমিটিতে দলের প্রকৃত ত্যাগীদের বাদ দিয়েই সুবিধাবাদীদের মূল্যায়ন করা হয়েছে মর্মে অভিযোগ তুলে রোববার রাতে ঈশ্বরদী শহরে দলের বৃহৎ একটি অংশের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও ঝাঁড়ু মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন দলের নেতাকর্মীরা।
মিছিলের নেতৃত্ব দেন বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল, বিষ্টু কুমার সরকার, আনোয়ার হোসেন জনি, খোন্দকার আমিরুল ইসলাম, সাহাব উদ্দিন সেন্টু সরদার, মরিুল ইসলাম টুটুল সরদার, নান্নু রহমান, ইলিয়াস হোসেন খাঁন এলবাস, মনিরুল ইসলাম সাবু, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, স্বেচ্ছাসেবকদল নেতা মাহামুদুর রহমান ফুল জুয়েল, আওয়াল কবীর, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান বিটু, নাজমুল হাসান রিসাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সে সময় বিভিন্ন পর্যায়ের প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা অভিযোগ করেন, বিগত ১৭ বছর ঈশ্বরদীতে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে দূর্বার আন্দোলন সংগ্রাম করে বিএনপিকে টিকিয়ে রেখেছিল তাদের বাদ দিয়েই বিএনপি নেতা হত্যা মামলার ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত আসামী, মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী এবং ব্যাংকের টাকা আত্মসাৎকারীকে দিয়ে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে। যা কোন ভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। অবিলম্বে বিতর্কিত ও অগ্রহনযোগ্য ওই কমিটি বাতিলের দাবি জানান তারা।
ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনি বলেন, বিএনপির পরীক্ষিত ও কারানির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে এক পক্ষকে সাথে নিয়ে রাতের আঁধারে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ঈশ্বরদীর বিএনপির নেতাকর্মীরা মানে না। অবিলম্বে এই কমিটি বাতিলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবীর রিজভী আহমেদ এর কাছে লিখিত আকারে অভিযোগ দায়ের করা হবে।


প্রকাশিত: August 25, 2026 | সময়: 4:05 am | সুমন শেখ