, , ।
স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, মাঠপর্যায়ের কার্যক্রম, সেচ ব্যবস্থাপনা ও বাস্তবায়নাধীন কাজের বিভিন্ন সমস্যা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিএমডিএর রাজশাহী প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএমডিএর চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন। সভায় সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকৌশলী ও মাঠপর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
সভায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নের সমস্যা ও প্রতিবন্ধকতা, কৃষকদের সেবা দিতে গিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ এবং এসব সমস্যা দ্রুত সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে বিএমডিএর চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়ে ওঠা একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বরেন্দ্র অঞ্চলের কৃষি, কৃষক ও মানুষের জীবনমানের উন্নয়নে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষি ও কৃষকের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। কৃষকের উৎপাদন বাড়ানো, সেচ সুবিধা সম্প্রসারণ, পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করার লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। বিএমডিএও সেই লক্ষ্য বাস্তবায়নে বরেন্দ্র অঞ্চলের কৃষকদের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
বিএমডিএ চেয়ারম্যান বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষকরাই এ অঞ্চলের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাই কৃষকের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিএমডিএর প্রতিটি প্রকল্প ও কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। মাঠপর্যায়ের সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধান এবং কৃষকের কাছে সেবা পৌঁছে দিতে কর্মকর্তাদের আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি সমৃদ্ধ হলে দেশ এগিয়ে যাবে। বরেন্দ্র অঞ্চলের কৃষিকে টেকসই ও সমৃদ্ধ করতে বিএমডিএ তার দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবে।
সভায় বিএমডিএর নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। মাঠপর্যায়ে যেসব সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, বিএমডিএর মূল লক্ষ্য বরেন্দ্র অঞ্চলের কৃষক ও সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন। তাই মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল ও কৃষকবান্ধব করতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
সভায় চলমান প্রকল্পগুলোর অগ্রগতি, সেচ অবকাঠামো, কৃষকদের বিভিন্ন সমস্যা, মাঠপর্যায়ের কার্যক্রমের প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ এলাকার কার্যক্রম ও সমস্যাগুলো তুলে ধরেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে মতামত দেন।
সভায় বিএমডিএর পরিচালনা বোর্ড সদস্য শফিকুল আলম সমাপ্ত, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, নাজিরুল ইসলাম, এটিএম মাহফুজুর রহমান, শিবির আহমেদ, জিন্নুরাইন খান ও সমসের আলী, নির্বাহী প্রকৌশলী ও সচিব এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম, এ.এস.এম দেলোয়ার হোসেন, আতিকুর রহমান, হারুন-অর-রশিদ, সৈয়দ জিল্লুল বারী ও মোস্তাফিজুর রহমানসহ বিএমডিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকৌশলী ও মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।